২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দশকে এসে সার্ক এবার বাস্তবায়নের যুগে প্রবেশ করবে : মোরশেদ খান

ঢাকা আশা করছে সার্ক গঠনের তৃতীয় দশকে এসে আসন্ন ত্রয়োদশ শীর্ষ সম্মেলনে দারিদ্র বিমোচন, সাফটা বাস্তবায়ন, সন্ত্রাস নির্মূল ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ওপর আলোকপাত করার মধ্য দিয়ে আঞ্চলিক ফোরামটি বাস্তবায়নের যুগে প্রবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘পর্দা উন্মোচন’ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রকল্পের বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণের মাধ্যমে সার্কের কার্যপ্রণালীকে তরান্বিত করা হবে এবারের সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, এটি এমন একটি ক্ষেত্র যেখানে আরও অনেক কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের সামনে বিভিন্ন ধরনের ও গতি ধারার চ্যালেঞ্জ রয়েছে যার ওপর আসন্ন সম্মেলনে অধিক গুরুত্ব দেয়া হবে বলে আমরা আশা করছি।

মোরশেদ খান বলেন, বেশ কিছু জরুরি প্রাতিষ্ঠানিক ও বাস্তবভিত্তিক ইস্যু রয়েছে যা বিস্তারিতভাবে পরীক্ষা নীরিক্ষা করা প্রয়োজন।

দারিদ্র বিমোচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত সম্মেলনের সাথে ধারাবাহিকতা রেখে আসন্ন ঢাকা সম্মেলনে সার্ক নেতৃবৃন্দ সার্ক দারিদ্র বিমোচন তহবিল গঠন এবং তহবিলকে যথাযথভাবে কাজে লাগানোর ব্যাপারে অর্থমন্ত্রীদের কাজ কি হতে পারে তা নিয়ে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ছাড়াও আমাদের (সার্কভুক্ত দেশ) নিজস্ব লক্ষ্য রয়েছে। আমাদের সামনে অনেক কাজ। ১২তম সম্মেলনে দারিদ্র বিমোচন তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা এর আদর্শ ও কার্যকর কাঠামো দাঁড় করাতে পারি নি।

মোরশেদ খান বলেন, আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে এবং আশা করছি রাষ্ট্র ও সরকার প্রধানরা এসব প্রস্তাব যথযথ গুরুত্বের সাথে বিবেচনা করবেন। দারিদ্র বিমোচনে আমরা নতুন কি পদক্ষেপ নিতে পারি, আলোচনায় তা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই থাকবে।

মন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এমন একটি ইস্যু যা দক্ষিণ এশিয়ার অব্যাহতভাবে অগ্রাধিকার বিবেচনা করা উচিত। তিনি বলেন, গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণেই আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে সন্ত্রাস নির্মূল বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সমস্যা নিরসনে সার্কের ১৩ তম সম্মেলনে বিশেষ গুরুত্ব দেয়া হবে।

তিনি বলেন, সাফটার প্রাথমিক কাজ মোটামুটি সম্পন্ন। আগামী বছরের জানুয়ারিতে সাফটা কার্যকর হওয়ার কথা। তবে কিছু বিষয় এখনও নির্ধারণ করা হয় নি।

এ ইস্যু গুলোর ব্যাপারে কিভাবে আমরা সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করব সে ব্যাপারে আলোচনার জন্যে আসন্ন সম্মেলন হবে কার্যকর একটি সমাবেশ। সাফটা যাতে দ্রুত কার্যকর হতে পারে সে লক্ষ্যে দিক নির্দেশনা তৈরি করতে হবে।

তিনি বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা হ্রাস পাওয়ায় বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশের প্রতিনিধিত্বকারী এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং শান্তি প্রতিষ্ঠার নতুন সূযোগ এসেছে। মোরশেদ খান বলেন, নতুনভাবে পথ চলার জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়।

এবারের সম্মেলনের মূল আলোচ্যসূচির ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, মঙ্গলাবার প্রোগমিং কমিটি তাদের বৈঠক শুরু করেছে এবং স্ট্যান্ডিং কমিটি ও মন্ত্রীপরিষদ কমিটি এটি চুড়ান্ত করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান এবং পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।