বরিশালে ঈদের ছুটিতে স্বামীর হাতে স্ত্রী খুন: তদন্তের জন্যে চার দিন পর কবর থেকে লাশ উত্তোলন, ননদ গ্রেপ্তার
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা’র কর্মকর্তা দিলরুবা হক পাপিয়ার (৩৪) লাশ চার দিন পর মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্যে কবর থেকে তোলা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যজিস্ট্রেট মুলিম হাসানের উপস্থিতিতে দিলরুবার লাশ তোলা হয়। এসময় পুলিশ, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দিলরুবার লাশে বেশ কয়েকটি ক্ষত চিহ্ন দেখা যায়। ম্যাজিস্ট্রেট মুলিম হাসান ‘দিলরুবার শরীরে জিভ কাটা, বাম হাঁটু ও নাভির নিচে আঘাতের চিহ্ন’-লিপিবদ্ধ করেছেন।
অন্যদিকে নিহতের ননদ স্বপ্নাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত তুহিন পুলিশী অভিযানকালে পালিয়ে যায় যায় বলে অভিযোগ পাওয়া গেছে এবং এরপর থেকে সে পলাতক আছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ঈদের ছুটিতে বরিশালের কলেজ রোড এলাকায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে ৩ নভেম্বর স্বামীর হাতে খুন হন কানাডীয় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থার (সিডা) কর্মকতা দিলরুবা।
সূত্র আরও জানায়, দিলরুবা নিহত হওয়ার পর ঘাতক স্বামী মামুন মোর্শেদ তুহিন এবং তার পরিবার তরিঘড়ি করে লাশ কবর দিয়ে দেয়।
পাপিয়া সিডা’র লিগ্যাল এইড কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকার অদূরে গাজীপুরে ছিলো তার কর্মস্থল।
মৃত্যুর খবর পেয়ে পাপিয়ার পরিবারের সদস্যরা বরিশাল ছুটে যান এবং তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ ও অভিযোগ করেন।
পরিবারের সদস্যরা বিডিনিউজকে জানান, পাপিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বরিশাল কোতয়ালী থানায় ৩০২ ধারায় হত্যা মামলাটি করেছেন নিহতের বড় বোন ঢাকার এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের কর্মকর্তা মাহবুবা হক কুমকুম।
মামলা নং-১০। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী তুহিন ও তার বড় বোন স্বপ্নাকে।
বরিশাল কোতয়ালী থানায় সোমবার এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের পর সোমবার রাতে পুলিশ নিহতের শ্বশুর বাড়িতে অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। পুলিশ ঘরে থাকতেই তুহিন পালিয়ে যায়। এসময় অপর আসামী ও নিহতের ননদ ইশরাত রায়হান স্বপ্নাকে পুলিশ থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে ননদ স্বপ্নাকে বরিশাল সদর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
এদিকে ঢাকা থেকে আসা নিহতের পরিবারের সদস্য ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীদেরকে সার্বক্ষনিক ভাবে বিএম কলেজের সামনের এলাকার ছাত্রদলের একটি ক্যাডার গ্রুপ নজরদারী করছে বলে ভুক্তভোগিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । এমনকি মঙ্গলবার লাশ উত্তোলন কালে গোরস্থান ও ময়না তদন্তকালে মেডিকেল ক্যাম্পাসেও ওই গ্রুপটিকে দেখা গেছে। পরিস্থিতির মুখে নিরাপত্তাহীনতার কারণে তারা সোমবার রাতে বরিশাল নগরীতে অবস্থান না করে পার্শ্ববর্তী আরেকটি জেলা শহরে গিয়ে অবস্থান করেন বলে জানান মামলার বাদী।
স্থানীয়রা অভিযোগ করেন, বরিশালের একটি প্রভাবশালী মহল অভিযুক্তদের সহযোগিতা করার চেষ্টা করছে।
