ঝালকাঠিতে ১৩টি ককটেল উদ্ধার
ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠির বিআইপি কলোনির সামনে একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে সোমবার রাত ১২টার দিকে পুলিশ ১৩টি ককটেল বোমা উদ্ধার করেছে।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে ওই ভবনে তল্লাশী চালিয়ে কিছু না পেয়ে ফিরে আসে।
পরে বিআইপি কলোনির লোকজন নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কাগজের ব্যাগে বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে। বরিশাল থেকে র্যাব ৮ এর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল মঙ্গলবার বিকেলে ঝালকাঠি থানায় এসে পরীক্ষা করে নিশ্চিত হয়,উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ককটেল।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের মালিক সহকারি ভূমি কর্মকর্তা আবদুস সাত্তার হাওলাদার (৫৫), তার ছেলে ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান মনির (২৭) এবং ওই এলাকার বাসিন্দা শংকরকে (২৮) থানায় নিয়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল।
পুলিশ বোমার সঙ্গে প্রেরকের ঠিকানা বিহীন একটি চিরকুটও উদ্ধার করে। এতে আবদুস সাত্তার ও তার ছেলে মনিরুজ্জামানকে শহরের চারটি স্কুলে বোমাগুলো রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে পুলিশ এখনও বোমার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে পারে নি।
