সন্দ্বীপ চ্যানেলে ট্রলার ডুবি, ২ শিশুর সলিল সমাধি, নিখোঁজ ১৫
সন্দ্বীপ চ্যানেলে সোমবার বিকেলে প্রায় শ’ খানেক যাত্রী নিয়ে একটি যন্ত্রচালিত ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুটি কন্যা শিশু পানিতে ডুবে মারা গেছে এবং কমপক্ষে আরও ১৫ জন নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
পানিতে ডুবে নিহত শিশু কন্যার নাম আলভি। সে জনৈক জাহাঙ্গীরের কন্যা। অপর শিশুর পরিচয় জানা যায়নি।
বিকেল সাড়ে ৪টায় এমভি আল মদীনা নামের মালবাহী ট্রলারটি অতিরিক্ত যাত্রী নিয়ে সন্দ্বীপ চ্যানেলের গুপ্তছড়া ঘাট থেকে সীতাকুণ্ড উপজেলার কুমিরার দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন বিডিনিউজকে জানান, এমভি ৬৫ নামের অপর একটি ট্রলার প্রায় ৮০ জন যাত্রীকে উদ্ধার করে।
কুমিরাঘাট এলাকায় উদ্ধার হওয়া একজন যাত্রী সাংবাদিকদের জানান, এখনো কমপক্ষে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
আহত নারী এবং শিশুদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, স্থানীয় প্রশাসন এবং লঞ্চ কর্তৃপক্ষ নিখোঁজদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। রাত হয়ে যাওয়ায় এখনো উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি।
