বরিশালে ঈদের ছুটিতে স্বামীর হাতে স্ত্রী খুন: বরিশাল কোতয়ালী থানায় মামলা
ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বরিশালে স্বামীর হাতে খুন হয়েছেন কানাডিয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা’র কর্মকর্তা দিলরূবা হক পাপিয়া (৩৪)। এ ঘটনায় সোমবার বরিশাল কোতয়ালী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শহরের কলেজ রোড এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে খুন হন তিনি। ঢাকার অদুরে গাজীপুরে ছিলো তার কর্মস্থল।
সূত্র আরও জানায়, মৃত্যুর পর ঘাতক স্বামী মামুন মোর্শেদ তুহিন ও তার পরিবার তড়িঘড়ি করে লাশ কবর দিয়ে দেয়।
পাপিয়া সিডা’র লিগ্যাল এইড কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, পাপিয়া শুক্রবার ঈদের দিন সকালে তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যান এবং বিকেলে তাকে হত্যা করা হয়।
মৃত্যুর খবর পেয়ে পাপিয়ার পরিবারের লোকেরা বরিশাল ছুটে যান এবং তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন।
পরিবারের সদস্যরা বিডিনিউজকে জানান, পাপিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন মাহবুবা হক কুমকুম সোমবার বরিশাল কোতয়ালী থানায় বাদি হয়ে ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা নং-১০। মামলায় আসামী করা হয়েছে ঘাতক স্বামী তুহিন ও তার বড় বোন স্বপ্নাকে।
মামলার পর থেকে আসামী তুহিন পলাতক রয়েছে বলে জানা যায়।
