ঈদের ছুটিতে ঢাবি'র ছাত্রাবাসে গণচুরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহরুল হক হলসহ বিভিন্ন ছাত্রবাসে গণহারে চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটি শেষে ছাত্ররা হলে ফিরে এসে দেখতে পায় তাদের একাধিক কক্ষ থেকে কম্পিউটারসহ নানা মূল্যবান জিনিষপত্র চুরি হয়ে গিয়েছে।
ঢাবির প্রশাসনিক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রাবাসেও একই রকম গণচুরির ঘটনা ঘটলেও এ পর্যন্ত ঠিক কত হলে কতোটি কক্ষে গণচুরির ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে সঠিক তথ্য জানে না।
জহরুল হক হল প্রভোস্ট জাহিদুল ইসলাম বিডিনিউজকে জানান, ইতিমধ্যে হলের ২১৮, ২২০ এবং ২২৮ নম্বর কক্ষে চুরির ঘটনার কথা জানা গেছে। ছুটির পর ছাত্রাবাসের সব ছাত্ররা ফিরে আসলে আরো কোনো কক্ষে চুরি হযেছে কি না, তা জানা যাবে।
২২৮ নম্বর কক্ষের আবাসিক ছাত্র শরিফুল ইসলাম জানান, তিনি বাড়ি থেকে সোমবার ফিরে এসে দেখেন তার কম্পিউটার যন্ত্রাংশ, কয়েক হাজার টাকা এবং টেবিল ঘড়ি চুরি হয়েছে।
গত বছর রোজার ঈদেও হলের ২৫-৩০ টি কক্ষ থেকে কম্পিউটারসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে যায়।
ক্যাম্পাস সূত্র জানায়, হল গুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, বহিরাগতদের আনাগোনা ও জানালার ভাঙা গ্রিলের কারণে প্রতি ছুটিতেই কোনো না কোনো হলে বার বার চুরির ঘটনা ঘটছে।
