২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জন সাইকেল আরোহী নিহত, ঢাকা-বরিশাল মহাসড়কে দেড় ঘন্টা গাড়ি চলাচল বন্ধ

বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জে সেমাবার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাইকেল আরোহীদ্বয় হচ্ছে ইউসুফ (২৫) ও ফরিদ (২৫)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে।

জেলার বাবুগঞ্জ উপজেলার বরিশাল ক্যাডেট কলেজ ও বরিশাল বিমানবন্দর সংলগ্ন সাত মাইল নামক স্থানে সোমবার দুপুর দেড়টায় যাত্রীবাহী একটি বাসের চাপায় সাইকেল আরোহী ফরিদ নিহত হয়। মাদারীপুরের ভুরঘাটা থেকে সোহাগ পরিবহনের একটি বাস (খুলনা ব ৫৯৬) বরিশাল আসার পথে সাত মাইলে সাইকেল আরোহী ফরিদকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় বিস্খুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে চলাচলকারী শতাধিক বাস দু’পাশে অবরুদ্ধ হয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ সুপার মো. কাইয়ুম হোসেন চালককে গ্রেপ্তার ও নিহতের লাশ গ্রামের বাড়ি পাঠানোর ব্যবস্থা করার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

উজিরপুর উপজেলার সানুহার নামক স্থানে সোমবার দুপুরের দিকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইউসুফ নামে একজন সাইকেল আরোহী নিহত হয়। পুলিশ বরিশাল থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী ঘাতক বাসটি (বরিশাল ব ০০৪৪) আটক করেছে। ইউসুফের লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।