রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫
নগরীর তুরাগ থানার শাহ আলীবাগ ক্রস বাঁধ এলাকায় শনিবার দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং মহানগর বিএনপির শীর্ষ নেতার মেয়েসহ পাঁচজন আহত হয়েছে।
নিহতরা হলো-মোয়াজ্জেম খান এবং শিবলী শাহেদ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি।
সূত্র জানায়, এ ঘটনায় কোনও মামলা করা হবে না, এই শর্তে ময়না তদন্ত ছাড়াই নিহতদের লাশ তাদের আত্মীয়দের হাতে তুলে দেয়া হয়।
আহতদের মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামের মেয়ে শাওন (১৮)’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনটেনসিভ কেয়ারে তার চিকিৎসা চলছে।
বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া, শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস এবং দলের অন্যান্য সিনিযর নেতা আহত শাওনকে দেখতে হাসপাতালে যান।
তুরাগ থানা পুলিশ জানায়, তালতলা বাঁধ এলাকায় শনিবার বিকাল পাঁচটায় এই দুর্ঘটনরা ঘটে।
তুরাগ থানার এসআই মনোয়ার বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয় নি। এমনকি নিহতদের ব্যাপারেও তাদের কাছে কোন তথ্য নেই।
তবে ওয়ারলেস বার্তার উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয় এবং পুলিশ দুটি মাইক্রোবাস আটক করে।
তিনি জানান, আহতরা হলো-শাওন, রনি, দিদার, মোয়াজ্জেম খান এবং শিবলী শাহেদ।
সূত্র জানায়, শাওন ও তার বন্ধুরা ঢাকায় ফেরার পথে তাদের মাইক্রেবাসটি (ঢাকা মেট্টা গ-১৪-৪৪৬৯) দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় অপর মাইক্রোবাসের (ঢাকা মেট্টো-ভ ১১-০৬৯) আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
বিডিনিউজ ঢাকা মেডিকেল কলেজ হামপাতাল (ডিএসসিএইচ) প্রতিনিধি জানান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আব্দুস সালামের আত্মীয় স্বজনরা ডিএমসিএইচ-এ যান। এ সময় আব্দুল কাদের শাওনের এক চাচা সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ আত্মীয়দের হাতে তুলে দেয়া হয়। অন্যদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
