২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটির রেশ কাটেনি এখনও, রাজধানী ফাঁকা

ঢাকা মহানগরীতে ঈদের আমেজ ও ছুটির রেশ এখনও কাটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

সরকার ঘোষিত তিনদিনের ছুটি শেষে রোববার অফিস শুরু হলেও ৯টার পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারিরা অফিসে আসতে শুরু করেন। বাংলাদেশ সচিবালয়ের ভেতরের সবগুলো বড় ভবনের প্রধান ফটক নির্দিষ্ট সময়ে খুললেও কর্মকর্তা ও কর্মচারিদের উপস্থিতি ছিল অত্যন্ত কম।

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এবং বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী মন্ত্রণালয়ে অফিস করেছেন। তারা কর্মকর্তা ও কর্মচারিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের ছুটির পর সচিবালয় ও বিভিন্ন অফিস আদালত খুললেও গতকাল তেমন কোনও কাজ হয়নি। ঈদের ছুটির শেষে মাত্র একদিন বিরতি দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটির কারণে বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারি এক বা দু’দিনের ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এবারে ঈদের তিনদিনের ছুটির মধ্যে দু’দিনই সরকারি ছুটির দিন পড়ায় অনেকে এ সুযোগ নেন বলে জানা গেছে।

তিনদিনের ছুটির পর রোববার প্রথম কর্মদিসেও নগরীজুড়ে ছিল ছুটির আমেজ। রাস্তাঘাট ছিল ফাঁকা ফাঁকা। যানবাহন ছিল বেশ কম। প্রায় সব বিপণী বিতান ছিল বন্ধ। অফিস আদালতে কর্মকর্তা কর্মচারিদের উপস্থিতি ছিল নগণ্য। মতিঝিল ও কারওয়ান বাজারের মত ব্যস্ত বাণিজ্যিক এলাকায়ও ছিল প্রায় সুনসান নীরবতা।

অধিকাংশ বেসরকারি অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল বন্ধ। প্রায় সব স্কুল কলেজেও ছিল ছুটি। অধিকাংশ স্কুল কলেজ খুলবে মঙ্গলবার। রোববার সারাদিন নগরী যানজটমুক্ত থাকলেও বিকেলে সংসদ ভবন, শিশু পার্ক, চিড়িয়াখানা-এসব এলাকায় মানুষের ভিড়ে রীতিমত যানজটের সৃষ্টি হয়। ঈদের ছুটির দিনগুলোতেও এসব এলাকা ছিল জন-সমাগমে মুখর।

সোমবারও সরকারি ছুটির কারণে রাজধানী প্রায় ফাঁকা থাকবে। আপনজনদের সান্নিধ্যে ঈদ উদযাপনের জন্যে যারা ঢাকা ছেড়েছিলেন, দু’দিন বাড়তি ছুটি কাটিয়ে তাদের অধিকাংশই সোমবার ঢাকায় ফিরতে শুরু করবেন। ঢাকা নগরী ফিরে পাবে তার পরিচিত দৃশ্য। ভিড়, যানজট, কর্মব্যস্ততা আর জনকোলাহলে মুখর হয়ে উঠবে নগরী।