শেরপুরে জেএমবি’র এক সদস্য রিমান্ডে
শেরপুরে ১৭ আগস্ট বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত জেএমবি’র সদস্য আইয়ুব আলীকে (২২) রোববার দুপুরে আদালতে হাজির করে তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে।
১০ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার মুন্সিরচর বাজার থেকে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে। পরে তাকে বোমা বিস্ফোরণ মামলায় শো’ন অ্যারেস্ট দেখানো হয়। প্রথমে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে ২৯ অক্টোবর রাতে শেরপুর বাস টার্মিনাল থেকে শেরপুরে বোমা হামলার মূল নায়ক মোজাহিদুল ইসলাম সুমনের বড় ভাই জেএমবি’র সক্রিয় সদস্য নাজমুল হাসান রোমানকে (৩৫) সাত দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনের আদালতে হাজির করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট তাকে জেল হাজতে প্রেরণ করেন।
রোমান বোমা হামলায় তার দু’ভাই মোজাহিদুল ইসলাম সেলিম (৩০) ও মেজবাহুজ সালেহীন রাজনের জড়িত থাকাসহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
সূত্র জানায়, শেরপুরের ডিবি পুলিশ রোমানের দেয়া তথ্যগুলো যাচাই বাছাই করে দেখছে।
