ঈদের ছুটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৩৩
পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা এবং সাবেক ফুটবলারসহ ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।
ঝালকাঠিতে সাত জন, চট্টগ্রামে পাঁচজন এবং ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন নিহত হয়েছে।
বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, শনিবার সকালে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের বরইতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ভাণ্ডারিয়াগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বরিশালগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে টেম্পু চালক ও টেম্পুর চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হল-হাসিনা বেগম (৩৬), নাজমা (১৬), সেলিম কবিরাজ, আব্দুর রহমান আকন (৩৮) এবং টেম্পু চালক শামীম (২৭)।
এসময় এক পথচারী আহত হন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার ঝালকাঠিতে অপর এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়।
নিহতরা হল-অপর্ণা (৬) এবং গৌরাঙ্গ (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস ঝালকাঠি থেকে বরিশাল আসার পথে ঝালকাঠির ষাটপাখিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অপর্ণা ও তার কাকা গৌরাঙ্গ নিহত হন।
আহত সাতজনের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার সকালে একজন কাস্টমস ইন্সপেক্টরসহ তিনজন নিহত এবং দুজন আহত হয়েছে।
জেলার সীতাকুন্ড উপজেলার চুতকুমিরা এলাকায় সকাল সাড়ে ন’টায় চট্টগ্রাম কাস্টমস ইন্সপেক্টর (ভ্যাট) রফিকুল ইসলাম (৪৫) কে বহনকারী মাইক্রোবাসের সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ও চালক মানির হোসেন (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।
রফিকুল ইসলাম ঈদ উদযাপনের জন্যে ঢাকা থেকে ফেনীতে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
এর আগে সকাল সাড়ে সাতটায় পটিয়া উপজেলার জঙ্গলখইন এলাকায় একটি সিএনজি অটো রিক্সার সাথে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটো রিক্সার যাত্রী নিজামউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এর অপর যাত্রী ও চালক গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঈদের আনন্দ উপভোগ করতে এসে মর্মান্তিকভাবে প্রাণ হারান দু’জন। চট্টগ্রামের ফয়’স লেকে শনিবার বিকেলে একটি নাগরদোলা দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ ওই দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়।
নিহতরা হচ্ছে মোহাম্মদ আজাদ (৪৫), সুফিয়া খাতুন (৫৯)। আজাদ সিলেট বন বিভাগের রেঞ্জ অফিসার এবং সুফিয়া তার বন্ধুর বড় বোন। তার স্ত্রী আজিজা আজাদ ওরফে মুন্নিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা জানান, হঠাৎ করেই নাগরদোলার ১৮টি বাক্সের একটির কল অকেজো হয়ে গেলে তা ঘোরা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় বাক্সটি উণ্টে গেলে অনেক ওপর থেকে এর আরোহী তিনজন বিকট শব্দ করে মাটিতে পড়ে যায়।
অ্যাম্বুলেন্সে করে তাদের সাথে সাথে হাসপাতালে পাঠানো হলে দায়িত্ব পালনরত চিকিৎসক আজাদ ও সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় ফয়’স লেকে ঈদ উপলক্ষে আনন্দ করতে আসা হাজার হাজার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই লেক ছেড়ে চলে যায়।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে বুধবার রাত সাড়ে ন’টায় যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং টেম্পু চালকসহ অপর ছয়জন আহত হয়েছে। হতাহতদের সবাই টেম্পু যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী বাস যুগান্তর এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চান্দুরাগামী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চান্দুরা গ্রামের অলিউর রহমান (৩৫) ও ফজলুল হক (৫০) নিহত হয়।
আহত ছয়জনের মধ্যে আক্তার (১৫), রশিদ (৩০) ও কাউসারকে (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাভার্ড ভ্যানটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-জ-০৪-৮৮৯) ধাক্কা দিলে বাসটি ছিটকে পড়ে এ ঘটনা ঘটে।
এ সময় বাসের ছাদ ভেঙে পড়লে ঘটনাস্থলে আবুল কাশেম (৩৫) নামে একজন নিহত হয়। গুরুতর আহত রাশেদা বেগমকে (৩৫) কুমিল্লা হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়।
আশংকাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও কাভার্ড ভ্যানটি আটক করেছে।
এদিকে ঈদের দিন শুক্রবার দুপুরে রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মোশাররফ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগনে।
পুলিশ জানায়, ওই ঘটনায় তার সঙ্গী আরোহী আহত হন। এ দুর্ঘটনায় জড়িত দুইটি গাড়ির আরোহীরাও এতে আহত হয়। ওই গাড়ি দুইটির চালকরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে পুলিশ গাড়ি দুইটি আটক করেছে।
জানা যায়, ঈদের দিন বেলা পৌনে একটায় বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় যমুনা সেতু ভবনের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। বিপরীতমুখী দুইটি প্রাইভেট গাড়ির সাথে মোশাররফের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোশাররফ ও তার অজ্ঞাতনামা সহযাত্রী আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মোশাররফের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গাড়ি চালক ঘটনার পরই পালিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত একটি টয়োটা প্রাডো জীপ (ঢাকা মেট্রো ঘ-১১-৫৯৩০), একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-১৪৭০) এবং মোটর সাইকেল (ঢাকা মেট্রো এ-০৭-০৪১০) আটক করেছে।
ভিন্ন একটি সূত্র জানায়, প্রাডো জীপটি নারায়ণগঞ্জ এলাকার ব্যবসায়ী শাহজাহানের। ঘটনার সময় জিপটি তার ছেলে ব্যবহার করছিল। এতে তার ছেলেও আহত হয়। সে এখন রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টঙ্গী প্রতিনিধি জানান, রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং বাস স্ট্যান্ডের পাশে বুধবার রাতে ঢাকাগামী একটি বাসের চাপায় অজ্ঞাত এক পথচারি (৩০) নিহত হয়েছে।
দুর্ঘটনার পর উত্তরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১১টার দিকে দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি সটকে পড়ে। এ ব্যাপারে উত্তরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
