২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ান এয়ারলাইন্স ১৪ ঘন্টা বিলম্বিত, জিয়া’য় যাত্রী দুর্ভোগ চরমে

মালয়শিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর ফ্লাইট ১৪ ঘন্টা বিলম্বিত হওয়ায় শ’দেড়েক যাত্রীকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

এভিয়েশন সূত্র জানায়, মালয়শিয়ান এয়ারলাইন্সের ঢাকা-কুয়ালালামপুর রুটের ফ্লাইটটি (এমএইচ-১৯৭) শনিবার রাত ১২টায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ১৪ ঘন্টা পর পরদিন রোববার বেলা ২টায় বিমান বন্দর ছেড়ে যায়।

এই দীর্ঘ সময় ফ্লাইটটির যাত্রীরা বিমান বন্দরে অপেক্ষা করতে বাধ্য হন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইকাও) নিয়ম অনুযায়ী, বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হয়। কিন্তু এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের কোনো খোঁজ-খবরই নেয়নি। ফলে তাদের চরম কষ্টে সময় পার করতে হয়।

এ ব্যাপারে একাধিকবার চেষ্টা করেও মালয়শিয়ান এয়ারলাইন্সের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

এ দিকে মালয়শিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা রুটের আরেকটি ফ্লাইট (এমএইচ-১৯৬) রোববার প্রায় এক ঘন্টা বিলম্বিত হয়। বেলা ১২টায় ওই ফ্লাইটটি জিয়া বিমান বন্দরে অবতরণ করার কথা থাকলেও ফ্লাইটটি বেলা ১২ টা ৫০ মিনিটে অবতরণ করে।