২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় বন্ধুদের পিটুনিতে স্কুলছাত্র নিহত

রাজধানীর ডেমরা থানার মিরহাজিরবাগ এলাকায় রোববার সকালে জিতু আহমেদ (১৫) নামে এক স্কুল ছাত্র বন্ধুদের হাতে নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পুলিশ জানায়, কথা কাটাকাটি ও পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুরাই তাকে পিটিয়ে হত্যা করা করেছে।

নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, পূর্ব শত্রুতা ও কথা কাটাকাটির জের হিসেবে স্থানীয় মাস্তানরা তাকে পিটিয়ে হত্যা করেছে। হাসপাতালের রেকর্ডে নিহতের নাম শাওন ইসলাম রতন বলে উল্লেখ করা হয়েছে।

ডেমরা থানার এসআই আবুল কালাম আজাদ জানান, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং ৭০ নম্বর দক্ষিণ সায়েদাবাদের আব্দুর রাজা মিয়ার ছেলে জিতু রোববার সকাল ৯টায় মিরহাজিরবাগ মোল্লাপাড়ায় বেড়াতে যায়।

এ সময় সেখানে তার সমবয়সী কিছু বন্ধুর সাথে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে ওই বন্ধুরা তাকে বেধড়ক পিটুনি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ব বিরোধের কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।