বিমান প্রতিমন্ত্রী গুরুতর অসুস্থ, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মাদ নাছির উদ্দিন গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে শনিবার রাতে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে।
বিমান প্রতিমন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, শনিবার প্রতিমন্ত্রী মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। একটি মেডিকেল টিম উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর প্রেরণের জন্য পরামর্শ দেয়।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে রাত সাড়ে ১১ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। স্ত্রী ডালিয়া নাছির ও বড় ছেলে ব্যারিস্টার হেলাল তার সঙ্গে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগে ভুগছিলেন।
