নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লালপুর এলাকার মোমিন হাজীর ইট খোলায় রোববার ভোরে পুলিশের ক্রসফায়ারে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম ইব্রাহীম হোসেন ইবু (২৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকার সূত্রাপুর থানা পুলিশ ইবুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ইবু পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ইবুকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সাভার-টঙ্গীসহ কয়েকটি এলাকায় অভিযান চালায়।
শুক্রবার রাতে ইবুকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ফতুল্লা থানা পুলিশ রোববার ভোরে ইবুকে সাথে নিয়ে মোমিন হাজীর ইট খোলায় অস্ত্র উদ্ধারের জন্য পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইবুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালালে ইবু গুলিবিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়না তদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় পুলিশের দুই কনস্টেবল আহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান সুটার গান ও আট রাউণ্ড গুলি উদ্ধার করেছে।
নিহত ইবুর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ইবু ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিল।
ইবু ফতুল্লা থানার কোতোয়ালবাগ এলাকার আবুল হোসেন প্রধানের ছেলে।
