সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদুল ফিতর পালিত
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মুসলমানদের সবচে’ বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হয়েছে। ঢাকায় ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকার মেয়র সাদেক হোসেনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, কাকরাইল জামে মসজিদসহ নগরীরর বিভিন্ন মসজিদ, ঈদগাহ ও বিভিন্ন খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে দুনিয়ার সুখ-শান্তি ও স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মহান আল¬াহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বিশ্বশান্তি এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও সংহতি কামনা করা হয়।
বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত শুরু হয় এবং সোয়া ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের সবচে’ বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এ জামাতে লাখ লাখ লোক অংশ নেয়। দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সবচে’ বড় এ জামাতে অংশ নিতে কিশোরগঞ্জে ভীড় জমান।
ঈদের নামাজ আদায়ের পর উঁচু নীচু, ধনী-নির্ধন, সকল ভেদাভেদ ভুলে মুসলি¬গণ পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে শুরু করেন, এ সময় সাম্য ও মৈত্রীর এক অপরূপ দৃশ্যের অবতারণা হয়। যেন দ্বীন ইসলামের মর্মবাণীই ভাস্বর হয়ে উঠে।
এছাড়া রকমারি খাবারের আয়োজন, বাহারি পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শির সঙ্গে দেখা-সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় প্রভৃতির মধ্য দিয়ে প্রকাশ ঘটে এ উৎসবের। অনেককেই পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের কবরে গিয়ে তাদের রুহের মাগফেরাত করে মোনাজাত করতে দেখা যায়।
বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হকের ইমামতিতে জাতীয় ঈদগাহ ময়দানে রাজধানীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে পর্দা দিয়ে মহিলাদের জন্যও ঈদের জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।
মহিলাদের নামাজের জন্য সংরক্ষিত জায়গার ব্যবস্থা রাখা হয়। বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হয় পাঁচটি জামাত।
পবিত্র ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সংসদে বিরোধী দলীয় নেত্রা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বিকেলে রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ বঙ্গভবনে বিদেশী কূটনীতিক, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেছেন। রাষ্ট্রপতি ও তার পত্নী সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রী ভবনে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিচারপতি, বিদেশী কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সংগঠনের ধানমন্ডির কার্যালয়ে কুটনীতিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীকে মনোরমভাবে সাজানো হয়েছে।
ঈদ উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার, দুঃস্থ কল্যাণ কেন্দ্র ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিশু পার্কে প্রবেশ, বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা এবং জাতীয় সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। যে কোনও ধরনের বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি রোধে রাজধানীসহ কড়া নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়।
