দেশে ৪টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত ৩০
সারা দেশে গত ২৪ ঘন্টায় চারটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ৩০ আহত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় দু’জন নিহত এবং ১৭ জন আহত, ব্রাহ্মণবাড়িয়ায় দু’জন নিহত এবং ছয়জন আহত, বরিশালে দু’জন নিহত এবং সাতজন আহত এবং রাজধানীর উত্তরায় একজন নিহত হয়েছে।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, ঝালকাঠিতে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং সাতজন আহত হয়েছে। নিহতরা হল অপর্ণা (৬) ও গৌরাঙ্গ (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে একটি মাইক্রোবাস ঝালকাঠি থেকে বরিশাল আসার পথে ঝালকাঠির ষাটপাখিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই অপর্ণা ও তার কাকা গৌরাঙ্গ নিহত হয়। আহত সাতজনের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যান ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাভার্ড ভ্যানটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-জ-০৪-৮৮৯) ধাক্কা দিলে বাসটি ছিটকে পড়ে এ ঘটনা ঘটে।
এ সময় বাসের ছাদ ভেঙে পড়লে ঘটনাস্থলে আবুল কাশেম (৩৫) নামে একজন নিহত হয়। গুরুতর আহত রাশেদা বেগমকে (৩৫) কুমিল্লা হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়।
আশংকাজনক অবস্থায় চারজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও কাভার্ড ভ্যানটি আটক করেছে।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে বুধবার রাত সাড়ে ৯টায় যাত্রীবাহী বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং টেম্পু চালকসহ অপর ছয়জন আহত হয়েছে। হতাহতদের সবাই টেম্পু যাত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীবাহী বাস যুগান্তর এক্সপ্রেস ও ব্রাহ্মণবাড়িয়া থেকে চান্দুরাগামী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চান্দুরা গ্রামের অলিউর রহমান (৩৫) ও ফজলুল হক (৫০) নিহত হয়।
আহত ছয় জনের মধ্যে আক্তার (১৫), রশিদ (৩০) ও কাউসারকে (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টঙ্গী প্রতিনিধি জানান, রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং বাস স্ট্যান্ডের পাশে বুধবার রাতে ঢাকাগামী একটি বাসের চাপায় অজ্ঞাত এক পথচারি (৩০) নিহত হয়েছে।
দুর্ঘটনার পর উত্তরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১১টার দিকে দৌড়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে চলে যায়। এ ব্যাপারে উত্তরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
