২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে লঙ্গরখানা খোলার দাবি জানিয়েছেন ড. কামাল হোসেন

দেশের উত্তরাঞ্চলের মঙ্গাকবলিত হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সেখানে লঙ্গরখানা খোলার দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ও ১৪ দলের নেতা ড. কামাল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার বেইলি রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে তার সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরের অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এ দাবি জানান। তিনি জানান, সেখানে খাদ্য ও কোন কাজ না থাকায় মানুষ অনাহারে আছে।

ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল উত্তরবঙ্গের দরিদ্র মানুষের মধ্যে ত্রান বিতরণ করেছে।

ড. কামাল হোসেন আরও বলেন, সরকার খুব অল্প সংখ্যক অনাহারি মানুষকে ভিজিএফ কার্ডের মাধ্যমে ত্রান দিচ্ছে। আবার একটি ভিজিএফ কার্ডে মাত্র ১০ কেজি চাল পাওয়া যায়। এ চালে একটি পরিবারের তিনদিনের বেশি চলে না।

তিনি দেশের ধনাঢ্য মানুষের প্রতি ঈদের সময়ে মঙ্গাকবলিত মানুষের অবস্থা বিবেচনা করতে আহ্বান জানান এবং মঙ্গাকবলিত অনাহারি ও অর্ধহারি মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করারও আহ্বান জানান।

তিনি আরও জানান, ঈদের পর মঙ্গার উৎপত্তি, কারণ ও ফলাফল অনুসন্ধান এবং স্থায়ী সমধানের লক্ষ্যে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। তার মতে, দেশের উত্তরাঞ্চলে প্রতি বছর একটা সময়ে কোন কাজ না থাকায় মঙ্গার সৃষ্টি হয়।

ড. কামাল বলেন, আমি মঙ্গাকবলিত এলাকায় গিয়ে কিছুদিন অবস্থান করবো এবং তাদের কর্মসংস্থানের জন্যে এনজিও কর্মী, মানবাধিকার কর্মী ও ১৪ দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করবো।

ড. কামাল হোসেন জানান, প্রতি বছর বাংলা সনের কার্তিক মাসে সেখানে মাঠে কোন কাজ না থাকায় দিনমজুরদের বেকারত্ব শুরু হয়।

তিনি জানান, সম্প্রতি তিনি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় সফর গিয়ে বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছেন। সেখানে মানুষ কাজ চায়। কিন্তু তারা কোন কাজ পাচ্ছে না। কৃষকরা জানান, এসময় বাদামের চাষ করতে পারে। কিন্তু বীজ ও কৃষি সরঞ্জাম কেনার টাকা না থকায় তারা চাষ করতে পারছেন না।

ড. কামাল জানান, সুরঞ্জিত সেনগুপ্ত, নাজমুল হক প্রধান, ফজলে হোসেন বাদশাসহ রাজনীতিবিদ, এনজিও কর্মী ও সমাজকর্মীদের একটি দল নিয়ে তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গণফোরামের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমদ মানিক উপস্থিত ছিলেন।