২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শুক্রবার ঈদ-উল-ফিতর

সারা দেশের মুসলমান সম্প্রদায় শুক্রবার সবচে’ বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর পালন করবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

দীর্ঘ ২৯ দিন সিয়াম সাধনার পর বৃহস্পতিবার আকাশে শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে খুশির আমেজ শুরু হয়ে যায়।

জাতীয় চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় নিশ্চিত করে, বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে।

রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া পৃথক বাণীতে দেশের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তারা মুসলিম বিশ্বের নেতাদেরও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও তার বাণীতে সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

রাজধানীতে ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে এ জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একই সময়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ঢাকার ৯০টি ওয়ার্ডে ৩৬০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ছাড়াও বিভিন্ন মসজিদ, মাঠ ও ঈদগাহ ময়দানে এসব জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি ওয়ার্ডের চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও বিদেশি কূটনীতিক এবং তাদের পত্নীসহ নারীদের জন্যে এ ঈদগাহে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

ডিসিসি জানায়, হাইকোর্টসংলগ্ন ঈদগাহ ময়দানে ওজুর পানি সরবরাহ ও ভ্রাম্যমাণ গণশৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবীতে) লেখা ব্যানার দিয়ে বনানী ঢাকা গেট হতে বঙ্গভবন পর্যন্ত পধান সড়ক ও সড়ক দ্বীপ সজ্জিত করা হবে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন সভা সেমিনারও অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে তথ্য বিভাগ দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ঈদ পুনর্মিলনী এবং রচনা প্রতিযেগিতারও আয়োজন করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগ জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর পালন করবে।

এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সংবাদপত্রগুলোও ইতোমধ্যে বিশেষ সংখ্যা বের করেছে।

ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন ও আশ্রয় কেন্দ্রে পুষ্টিকর ও সুস্বাদু খাবার বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী ভবনে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাও তার ধানমণ্ডির কার্যালয়ে সর্বস্তরের জনগণ ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই তিনদিনের সরকারি ছুটি শুরু হয়ে গেছে।

ঈদের আনন্দ আপনজনদের সাথে ভাগাভাগি করে নিতে হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে ছুটে গেছেন নিজেদের এলাকায়।