দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের সোলাকিয়া ময়দানে ঈদের জামাত সকাল ১০টায়
দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সোলাকিয়া ময়দানে এবার সকাল ১০টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এটি হবে এ ময়দানে অনুষ্ঠিত ১৭৮ তম ঈদের জামাত ।
২৬৫টি কাতার ও বিশাল অজুস্থান নিয়ে সাত একর জমির ওপর প্রতিষ্ঠিত এ ঈদের নামজের মাঠে এবার তিন লক্ষাধিক মুসুল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
সোলাকিয়া মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
ময়দানের ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরু হওয়ার পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দু’টি এবং এক মিনিট আগে একটি শটগানের গুলি ছোঁড়া হবে। এবার এ দায়িত্ব পালন করছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাইফেল ক্লাবের সম্পাদক।
উপমহাদেশের অন্যতম বৃহৎ এ ঈদের জামাতের ময়দানে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও থাকবে অগ্নি নির্বাপক যন্ত্র।
সোলাকিয়া মাঠে এবারের ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত এক সভা থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা আব্বাস, শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক, জেলার সকল এমপি, বাংলাদেশে কর্মরত মুসলিম দেশের কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
