২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সদস্য অন্তর্ভুক্তিতে সার্ক চার্টার সংশোধনের সম্ভাবনা নাকচ করেছে বাংলাদেশ

সার্কে নতুন কোনও দেশকে সদস্য বা পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করতে এর চার্টার সংশোধনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান বুধবার সাংবাদিকদের বলেন, অনেকেই সার্কের পর্যবেক্ষক হতে চাচ্ছে। চার্টার সংশোধনের ব্যাপারে এখনও কিছু বলার সময় আসেনি। কেননা চার্টার সংশোধনের মতো কোনও পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকার সরকার বা রাষ্ট্র পধান কর্তৃক এ চার্টার গৃহীত হওয়ার পর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়।

এর আগে চীন সার্কের ডায়ালগ পার্টনার হওয়ার ইচ্ছা ব্যক্ত করে। বেইজিং তার আগ্রহের কথা জানিয়ে গত বছর সার্ক সচিবালয়কে একটি চিঠি দেয়। প্রসঙ্গত, চীন ইতোমধ্যেই আসিয়ান ও ইউরোপীয় ইউনিয়নের ডায়ালগ পার্টনার হিসেবে মনোনীত হয়েছে।

কাঠমান্ডুতে ১১তম সার্ক শীর্ষ সম্মেলনে নতুন কোনও দেশকে সদস্য বা পর্যবেক্ষক করার জন্যে নীতিমালা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এ ব্যাপারে আর কোনও অগ্রগতি হয়নি।

তবে সার্কের কর্মকান্ডের সাথে জড়িত এমন অনেক আন্তর্জাতিক সংস্থাকে ইতোমধ্যেই এর পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে।