২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর অনুমোদনে বিলম্ব : নীলফামারী তে টেস্ট রিলিফের কাজ শুরু হয়নি

দুর্দান্ত মঙ্গা সাড়ে পাঁচ লাখ বেকার শ্রমজীবী মানুষকে তাড়িয়ে বেড়ালেও নীলফামারী জেলায় টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কাজ শুরু হয়নি। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদনে বিলম্বের কারণে সহসাই এই কাজ শুরু হওয়ার সম্ভাবনাও নেই।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, টেস্ট রিলিফের কাজ ঈদের পর শুরু হতে পারে। তবে এখনও স্কিম তৈরীর কাজ শুরু না হওয়ায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির বরাদ্দ কবে ছাড় করা হবে, তিনি জানাতে পারেন নি।

গত ১৩ সেপ্টেম্বর সরকারের ত্রাণ মন্ত্রণালয় মঙ্গা মোকাবেলায় জেলা ত্রাণ ও পুণর্বাসন দপ্তরের মাধ্যমে নীলফামারী জেলার ৬টি উপজেলার জন্য ৩৭০ মেট্রিক টন চাল টেস্ট রিলিফ হিসেবে এবং গত ২৫ অক্টোবর সাধারণ কাবিখা হিসেবে ৭৩২ মেট্রিক টন ও জেলার চারটি নির্বাচনী এলাকায় ৫০ মেট্রিক টন করে ২শ’ মেট্রিক টন চাল বিশেষ কাবিখা হিসেবে বরাদ্দ দেয়। এতো দিন প্রকল্প তৈরী ও যাচাই বাছাইয়ের দোহাই দিয়ে টেস্ট রিলিফের কাজ বন্ধ রাখা হলেও প্রকল্প

বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট এক সরকারী কর্মকর্তা জানিয়েছেন, অনেক আগেই প্রকল্প তৈরী ও যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু জেলার দায়িত্ব প্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের অনুমোদন পেতে বিলম্বের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। গত তিন সপ্তাহ আগে স্কিম তৈরী করে মন্ত্রীর অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হলেও মন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে ১ নভেম্বর। সেক্ষেত্রে বরাদ্দ ছাড় শুরু হবে ঈদের পর ।

অভাবের তাড়া খেয়ে পল্লী রেশনিং এর চাল নিতে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়ন পরিষদে আসা এই ইউনিয়নের কইপাড়া গ্রামের ক্ষেতমজুর সেরাজুল, জয়নুদ্দিন, আইউবরা জানিয়েছেন, হামরা ‘ইলিপ চাই না, কাজ চাই। কিন্তুক সরকার কাজের ব্যবস্তা না করি সামাইন্য ভিক্ষা দিয়া হামার অভাব তারাবার চায়। সেই ভিক্ষা নিবার যায়াও চেরমেন-নেম্ভরের নাত্থি-গুতা খাবার নাগে। কাজ থাকিলে এই ইলিপের ধার হামরা ধারি না।’

এদিকে গোটা নীলফামারী জেলায় মঙ্গা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। জেলার কর্মহীন সাড়ে পাঁচ লাখ বেকার মানুষ ধার কর্জ করে , পানির দামে আগাম শ্রম বিক্রি করে-এমনকি হাঁস-মুরগী, থালা-বাটি বেচে দিয়ে মঙ্গার এই ক’টা দিন অতিবাহিত করতে পারলেও বাকি দিনগুলো পার করতে পারছে না। অভাব মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ ও পল্ল¬ী রেশনিং এর মাধ্যমে যে ত্রাণ বিতরণ করা হয়েছে, তা প্রকৃত অভাবীরা পায়নি। বেশীর ভাগ ত্রাণ লুটপাট হয়ে গেছে।

নীলফামারী সদর আসনের এমপি আসাদুজ্জামান নূর অভিযোগ করেছেন, এই এলাকায় দলীয় এমপি না থাকায় সরকার এখানকার মানুষের দুরবস্থার দিকে নজর দিচ্ছে না। তিনি বলেন, যথাসময়ে টেস্ট রিলিফ ও কাবিখার কাজ শুরু হলে এখানকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত। শুধু দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর উদাসিনতায় এই কাজ শুরু না হওয়া দুঃখজনক। নূর বলেন, মন্ত্রীর অনুমোদনের পর আর ক’দিন বাদে কাজ শুরু হতে হতে মঙ্গা শেষ হয়ে যাবে। তখন এই বরাদ্দ আর কোন কাজেই আসবেনা।

এ ব্যাপারে জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মনে হয় প্রকল্পগুলোর অনুমোদন হয়ে গেছে। তবে খোঁজ-খবর না নিয়ে কিছু বলতে পারছিনা।’