২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিস্ফোরক, বান্দরবানে মর্টার শেল ও বোমা উদ্ধার, আটক ২

রাজশাহী ও বান্দরবানে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা ও মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিডিনিউজ-এর জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, রাজশাহীতে বুধবার সকালে পুলিশ দুই কেজি বিস্ফোরক এবং বান্দরবানে মঙ্গলবার রাতে সেনাবাহিনী, বিডিআর ও র‌্যাব দু’টি মর্টার শেল, দু’টি এলজি, ১৪ রাউন্ড গুলি, ছয়টি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

বিডিনিউজ-এর রাজশাহী প্রতিনিধি জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো একটি খেলনা রিকশার আসনের ভেতর থেকে পুলিশ বুধবার সকালে দুই কেজি বিস্ফোরক ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের কিছু লিফলেট উদ্ধার করে। এসময় পুলিশ কুরিয়ার সার্ভিসের ওই শাখার ম্যানেজার নাজমুল হোসেন ও অপর দুই কর্মচারিকে আটক করে।

নগরীর কুমারপাড়ায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা মহানগর পুলিশের গায়েন্দা বিভাগের (ডিবি) একটি বিশেষ দল এ বিস্ফোরক উদ্ধার করে।

পুলিশ জানায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিলেট শাখা থেকে ২৯ সেপ্টেম্বর শিশুদের একটি খেলনা রিকশা পার্সেল করা হয়। এতে প্রাপক হিসেবে রায়হান বিন সোবহান নামে রাজশাহীর এক ব্যক্তির নাম লেখা ছিল। প্রেরকের নাম লেখা রয়েছে হাবিব বিন মাহবুব।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের (ডিবি) নেতৃত্বে একটি বিশেষ দল বুধবার রাজশাহীতে এসে ওই পার্সেলের প্যাকেট খুলে আধা কেজি অ্যামোনিয়া, আধা কেজি সালফার ও এক কেজি হোয়াইট পাউডার উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে প্রায় ৫০টি বোমা বানানো সম্ভব।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে দাবি করা হয়, পার্সেলটি অফিস থেকে প্রাপকের ডেলিভারি নেয়ার কথা ছিল।

উদ্ধারকৃত বিস্ফোরক ও লিফলেট এবং আটক তিন ব্যক্তিকে নিয়ে দুপুরেই ঢাকা ডিবি অফিসের উদ্দেশে রওয়ানা দিয়েছে বিশেষ দলটি।

চট্টগ্রাম ও বান্দরবান প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআরের একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর জেলার থানচি উপজেলার বালিপাড়া বাজার সংলগ্ন জাফরান পাড়ায় অভিযান চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় দু’টি শক্তিশালী মর্টার শেল উদ্ধার করে।

অপরদিকে, জেলার রোয়াংছড়ি বাজার পাড়ায় জোরপূর্বক চাঁদা আদায়ের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দু’জন আদিবাসী সন্ত্রাসীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৪ রাউন্ড গুলিসহ দু’টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আটককৃতদের নাম মং ক্য চিং (২৩) ও উ ক্য মং (২৭)।

বান্দরবান সেনা কর্তৃপক্ষ জানায়, জেরার মুখে আটককৃতরা জোরপূর্বক চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে।

অপর অভিযানে র‌্যাব-৭ (চট্টগ্রাম অঞ্চল) মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ছয়টি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করেছে।

র‌্যাব সূত্র জানায়, সন্ত্রাসীরা বোমা তৈরির কারখানা স্থাপন করেছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা কক্সবাজারের চকোরিয়া ও বান্দরবানের লামা থানার মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে এ বোমা ও সরঞ্জাম উদ্ধার করে।

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় চালা দিয়ে আবৃত মাটির নিচের একটি ঘর থেকে এ বোমা ও সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল হাসিনুর রহমান বিডিনিউজকে বলেন, উদ্ধারকৃত সরঞ্জাম দিয়ে কমপক্ষে ১০/১২টি বোমা তৈরি করা সম্ভব।

তিনি জানান, দেশের ভেতর বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর জন্য বোমাগুলো তৈরি করা হয়েছিল। তবে কারা এই বোমা তৈরি করছিল সে সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত প্রতিটি বোমার ওজন পাঁচ পাউন্ডের মতো। এসব বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিপুল ধ্বংস সাধন সম্ভব।

র‌্যাব সূত্র আরো জানায়, বোমা তৈরির সরঞ্জামের সাথে র‌্যাব সদস্যরা উপজাতীয় মগ ভাষায় লিখিত কিছু কাগজপত্র উদ্ধার করেছে। এসব কাগজপত্র থেকে বোমা তৈরির কারখানার সাথে জড়িত ১২জন সন্ত্রাসীর নাম জানা গেছে। তবে তদন্তের স্বার্থে র‌্যাব এসব সন্ত্রাসীর নাম গোপন রেখেছে।

এই কারখানায় ৫০টি বোমা তৈরির কথা ছিল। তৈরির পর এসব বোমা খাগড়াছড়ি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর কথা ছিল বলে র‌্যাব কমান্ডার হাসিনুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।