২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মঙ্গা মোকাবেলায় সরকার অর্থ বরাদ্দ দিলেও অর্থমন্ত্রীর কারণে তা ছাড় করা সম্ভব হয়নি’

১৪ দল নেতা, গণফোরাম সভাপতি ডঃ কামাল হোসেন বলেছেন, মঙ্গা মোকাবেলার জন্য সরকার অর্থ বরাদ্দ দিলেও অর্থমন্ত্রীর কারণে তা ছাড় করা সম্ভব হয়নি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা এলাকার হাজার হাজার মানুষ না খেয়ে জীবন যাপন করছে। অর্থমন্ত্রী তাদেরকে শাক-সবজি-কপি খেয়ে জীবন ধারণের জন্য বলছেন।

তিনি বুধবার জেলার মঙ্গা কবলিত গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে কচুয়া সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণ দানকালে এ কথা বলেন। তিনি বলেন, বিগত সরকার আমলে দুর্গত এলাকায় চার হাজার করে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছিল

দুস্থদের মাঝে। কিন্তু বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নের জন্য মাত্র ২২শ’ ভিজিএফ কার্ড বরাদ্দ করলেও তা সঠিকভাবে বিতরণ করা হয়নি।

জেলা আওয়ামী লীগ সভাপতি শাহ্ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আওয়ামী লীগ নেত্রী নাজমা রহমান, সাবেক মন্ত্রী আশিকুর রহমান, জাসদ নেতা রেজাউল করিম তানসেন, নাজমুল হক প্রধান, ওয়াকার্স পার্টি পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।

ড. কামাল আরও বলেন, মানুষের হাতে কাজ না থাকায় তারা জিনসপত্র ক্রয় করতে পারছে না। আগামীতে ১৪ দল ক্ষমতায় এলে এই অঞ্চলে দুর্ভিক্ষ থাকবে না।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, দুর্গতদের চাল খাদ্য উপমন্ত্রী আসাদুল হাবিব দুল বিক্রি করে দিয়ে তার দলের নেতাকর্মীদের উপঢৌকন দিচ্ছে, অথচ মানুষ অনাহারে-অর্ধাহারে আছে। তিনি অনাহারে মৃত্যু ঘটেছে এমন প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

নাজমা রহমান বলেন, এই সরকার আপনাদের পেটে ভাত দেওয়ার জন্য আসে নাই, এসেছে লুটপাট করতে। আওয়ামী লীগের সময় চাউলের কেজি ছিল ১০টাকা। বর্তমান সরকারের আমলে তা বেড়ে দাড়িয়েছে ২০ টাকা।

জনসভা শেষে দুর্গতদের মাঝে চাউল, শাড়ি, লুঙ্গী বিতরণ করা হয়। এরপর ১৪ দলের নেতৃবৃন্দ রংপুর সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে বলেন, অনাহারে সহির উদ্দিন, চম্পা বেওয়া, সুফিয়া বেওয়া মারা গেলেও সরকার তা অস্বীকার করছে। ভিজিএফ ভিজিডি ১০ কেজি স্থলে ৮ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তারা মানুষ না খেয়ে মারা যাওয়ায় এর তীব্র নিন্দা জানান। দুর্গত এলাকায় কৃষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান এবং বিনা সুদে ঋণ বিতরণের জন্য দাবি জানান। নেতৃবৃন্দ ভিজিএফ ভিজিডি ১৫ কেজি করে বরাদ্দ দেওয়ার দাবি জানান।