টাঙ্গাইল ও মুঞ্জিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ৭
টাঙ্গাইল ও মুঞ্জিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দু’টি পরিবারের নয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা সমতার নির্বাহী পরিচালক আব্দুল কাদের রয়েছেন।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন খারিন্দায় মঙ্গলবার সকাল ১০টায় একটি যাত্রীবাহী বাস ও জিপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে সমতার নির্বাহী পরিচালকের পরিবারের দুই মহিলাসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়।
পুলিশ সূত্র জানায়, বগুড়া থেকে ঢাকাগামী বাসের (ঢাকা মেট্রো-চ-১৯৯৯) সাথে ঢাকা থেকে পাবনাগামী পাজেরো জিপের (ঢাকা মেট্রো-ঘ-১১-০০১৬) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জিপটি সড়কের পাশে ২০ ফুট নিচে খাদে পড়ে এবং বাসটি সড়কের ওপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই জিপ আরোহী সমতা’র নির্বাহী পরিচালক আবদুল কাদেরের পুত্রবধূ কণা (২২), মেয়ে শিল্পী ও জিপের চালক ফারুক হোসেন ঘটনাস্থলে এবং পুত্র আবদুল লতিফ (৩৫) হাসপাতালে মারা যায়।
আবদুল কাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
বিডিনিউজ মুঞ্জিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া উপজেলার বাউশিয়া নামক স্থানে মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী ঝটিকা এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-জ-০৪-২০৩২) বাসের সাথে ঢাকা থেকে কুমিল্লগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই পরিবহন ব্যবসায়ী ও মাসুদ এন্টারপ্রাইজের মালিক মাসুদ মিয়ার বড় মেয়ে (১৬) ও চালক অজ্ঞাত (৩২) ঘটনাস্থলে এবং তার স্ত্রী ইতি আক্তার (৩৫), পুত্র হামিম (৭), কন্যা হামজা (২) হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
মাসুদ মিয়া (৪৫) এবং তাদের কাজের মেয়েকে (১২) আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
অপর এক সড়ক দুর্ঘটনায় একই মহাসড়কের তেতুইতলা এালকায় সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে একটি প্রাইভেট কার ও দুটি ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছে।
