ঘরমুখো মানুষের ঈদ যাত্রা: যানবাহনে প্রচণ্ড ভিড়, ফাঁকা হচ্ছে রাজধানী
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতিদিন হাজার হাজার মানুষ কংক্রিট-সিমেন্টের রাজধানী ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছে। ইতোমধ্যেই বহু মানুষ চলে যাওয়ায় রাজধানী ফাঁকা হতে শুরু করেছে।
মঙ্গলবারও যথারীতি তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বাড়ি ফেরার তীব্র বাসনায় অনেকেই কোনওভাবে একটু জায়গা পেলেই গাড়িতে কিংবা লঞ্চে উঠে পড়ছেন।
আনুষ্ঠানিকভাবে তিনদিনের ঈদের ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে।
টিকিটের আশায় মঙ্গলবারও হাজার হাজার যাত্রীকে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে লাইন দিতে দেখা যায়। অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।
অন্যদিকে যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে অসাধু বাস মালিকরা দ্বিগুণ ভাড়া আদায় করছে। গাড়ি কিংবা লঞ্চ ধরতে টার্মিনালের উদ্দেশে যাওয়ার পথেও তাদের একইরকম হয়রানির শিকার হতে হচ্ছে। কেননা রিকশা, অটো রিকশা ও ট্যাক্সি ক্যাব চালকরাও সুযোগ বুঝে বেশি ভাড়া চাইছে।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বাস টার্মিনালগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রজুর সদস্য নিয়োগ করেছে।
নগরীর ফকিরাপুল, কল্যাণপুর, শ্যামলী ও রাজারবাগ বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল।
অন্যদিকে বাড়ি ফেরার আশায় ভোলা, বরিশাল, বরগুনা, ঝালকাঠিসহ দক্ষিণ বঙ্গের যাত্রীরা ভিড় জমায় সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রীদের লঞ্চের ছাদ থেকে নামাতে ব্যস্ত ছিল আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, মঙ্গলবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ৮০ থেকে ৯০টি বড় লঞ্চ এবং ছোট ও মাঝারি আকারের একশটি লঞ্চ গন্তব্যের দিকে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা জানান, যাত্রীদের চাপে বুধবার থেকে আরও ১০ থেকে ২০টি লঞ্চ নামানো হবে।
আইনপ্রয়োগকারী সংস্থার বদৌলতে টার্মিনালে কুলি, পকেটমার ও কালোবাজারিদের দৌরাত্ম কম থাকায় যাত্রীরা ছিল সন্তুষ্ট।
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বাড়ি ফেরার আনন্দে সবাই ছিল উৎফুল্ল।
বাংলাদেশ রেলওয়ে’র জনসংযোগ কর্মকর্তা মোস্তফা-ই-জামিল বলেন, অতিরিক্ত যাত্রীদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ঢাকা-জামালপুর, এবং চট্টগ্রাম-চাঁদপুরগামী গাড়িগুলোতে অতিরিক্ত বগির পাশাপাশি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ে’র অপর এক কর্মকর্তা বলেন, প্রতিদিন ঢাকা থেকে ট্রেনে ১০ হাজার মানুষ বিভিন্ন স্থানে যায়। ঈদে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যায়।
