চুয়াডাঙ্গায় শবে ক্বদরের রাতে পুলিশ-মুসুল্লি সংঘর্ষে ৮ জন আহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সোমবার শবে ক্বদরের রাতে পুলিশ ও মুসুল্লিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আট জন মারাত্মক আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রুইতনপুর গ্রামে ৭/৮ জন যুবক দলবেঁধে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে টহল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মারধর করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্য গ্রামবাসীরাও যোগ দেয়।
সংঘর্ষে পুলিশের দারোগা শামসুল আলম, দুই আনসার সদস্য শায়েক ফারুক হোসেন ও মোশারফ হোসেন এবং পাঁচ গ্রামবাসী মখলেছুর রহমান, বাবু, বকুল, বাবুল ও হামিদুল মারাত্মক আহত হয়।
এদিকে আহত দারোগা বাদি হয়ে পুলিশ ও আনসারের ওপর হামলার অভিযোগে ওই রাতেই ১৫০ জন গ্রামবাসীকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
এ ঘটনায় পুলিশ মঙ্গলবার গ্রামে অভিযান চালালে এলাকাবাসী বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
