পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনা, গাড়ি ভাংচুর, ২০ রুটে বাস চলাচল বন্ধ
পটুয়াখালীর বাউফলে বাস দুর্ঘটনার পর গাড়ি ভাংচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় মঙ্গলবার পটুয়াখালীর সঙ্গে ২০টি রুটে চার ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে।
বাউফল ও দশমিনা সড়কের মধ্যে বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বেলা ১২টার দিকে শাহপরান পরিবহনের (ব-০০৪) একটি বাস বাউফল থেকে পটুয়াখালী যাওয়ার পথে বাউফল ফায়ার সার্ভিসের সামনে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার দুই আরোহীসহ চালক গুরতর আহত হয়।
এসময় স্থানীয় যুবদল নেতা গিয়াস উদ্দিনের নেতৃত্বে উত্তেজিত জনতা ওই বাসটি ভাংচুর করে এবং বাসের ড্রাইভার ম্বপন দাস (৪০) ও হেলপার মাসুদকে (৩৪) মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
অন্যদিকে পটুয়াখালী বাস টার্মিনালে এই খবর ছড়িয়ে পড়ায় কুয়াকাটা, কলাপাড়া, আমতলী, বরগুনা, গলাচিপা, ফরিদপুর, খুলনা, ঢাকা, যশোর, বেনাপোলসহ প্রায় ২০টি রুটে বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরে বিকেলে পটুয়াখালীর পুলিশ সুপার, বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর বাউফল-দশমিনা ছাড়া সকল রুটে বাস চলাচল শুরু হয়।
আহত রিকশা চালককে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
