২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের অনুমোদন ছাড়াই জেনোভ্যালি আবাসিক প্রকল্পের কাজ শুরু, জমি দখলের অভিযোগ

হাউজিং কোম্পানি জেনোভ্যালী মডেল টাউন (প্রাঃ) লিমিটেড রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়াই মাটি ভরাট ও বাড়ি নির্মাণ কাজ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

একই সাথে প্রতিষ্ঠানটি বিতর্কিত জমির ওপর ‘ডুপ্লেক্স প্রাইভেট হোম টাউনশীপ প্রকল্প’ নামে ‘দি পিংক সিটি জেনোভ্যালী’ আবাসিক এলাকার প্লট ও ফ্লাট বিক্রির জন্য অবৈধভাবে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপনও দিতে শুরু করেছে।

এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওই বিতর্কিত জমির বিপরীতে ব্যাংক থেকে লোন উত্তোলন করারও অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি এলাকায় অবস্থিত ওই প্রকল্প সংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা সম্প্রতি রাজউকের চেয়ারম্যান ও অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ওই হাউজিং কোম্পানির বিভিন্ন অনিয়ম সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, পিংক সিটি নামের প্রস্তাবিত প্রকল্পটি রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই কার্যক্রম শুরু করেছে। এছাড়াও প্রকল্পের জন্য নির্ধারিত স্থানের মধ্যে অবৈধভাবে দখল করা জমিও রয়েছে। অবৈধভাবে দখল করা ওই জমির ওপর ইতোমধ্যে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদকে পাওয়া যায়নি।

তবে মার্কেটিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা বিডিনিউজকে জানান, গত বছরের নভেম্বর মাস এ কোম্পানির কার্যক্রম শুরু হয়েছে। ডুমনি মৌজায় ২৬৬টি বাড়ি নিয়ে প্রকল্পের কাজ চলছে। প্রতিটি দুই থেকে পাঁচ কাঠা পর্যন্ত প্লট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ জহিরুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, প্রকল্পটি এখনও রাজউক থেকে অনুমোদন নেয়নি। প্রকল্পটির ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

রাজউক সুত্রে জানা যায়, প্রতারণার হাত থেকে সাধারণ ক্রেতাদের রক্ষা করতে রাজউক অনুমোদন বিহীন হাউজিং কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ ব্যাপারে কার্যক্রম শুরু হবে।