২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক নিরাপত্তা: ২৪ বিদেশীকে দেশ ত্যাগের নির্দেশ

পুলিশের বিশেষ শাখা (এসবি) ২৪ জন বিদেশীকে সার্ক সম্মেলনের আগেই দেশত্যাগের নির্দেশ দিয়েছে। সার্ক নিরাপত্তার অংশ হিসেবে ওই ২৪ জনকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নির্দেশ দেওয়া ২৪ জনের মধ্যে পাঁচজন পাকিস্তানি এবং দুইজন লিবিয়ার নাগরিক রয়েছেন। বাকিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হয়নি সূত্র। তবে এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক রয়েছে। এসবি’র একটি সূত্র সোমবার এ তথ্য জানায়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত শনিবারের ভয়াবহ বোমা হামলার পর সার্ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সরকার। ওই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছে ভারতভিত্তিক সম্পূর্ণ নতুন নামের অপরিচিত সংগঠন ইনকিলাব গ্রুপ।

সার্ক সম্মেলনের সময় ঢাকায় যেকোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তার অংশ হিসেবেই বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশী নাগরিকদের বিতাড়ন অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ শাখা।

এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) স্পেশাল কন্ট্রোল অর্গানাইজেশনের (এসসিও) চারটি দল সন্দেহভাজন আরও ১০০ জন বিদেশীর কাগজপত্র খতিয়ে দেখছে। যাদের কাগজপত্রে ত্রুটি পাওয়া যাবে তাদের অবশ্যই নভেম্বরের ৪ তারিখের মধ্যে বাংলাদেশ ছাড়তে হবে বলে এসবি কর্মকর্তারা জানান।

তবে এসবি’র একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, দেশ ত্যাগের এই নির্দেশ একটি রুটিন ব্যাপার।

তিনি আরও জানান, যেসব বিদেশীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা তাদের কাগজপত্রে ত্রুটি রয়েছে এমন বিদেশীদেরই দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

এসবি’র অন্য একজন কর্মকর্তা জানান, যারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এক লাখেরও বেশি বিদেশী অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে।

সূত্র আরও জানায়, অবৈধ বিদেশীদের খুঁজে বের করে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসবি'কে নির্দেশ দিয়েছে।