মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ দলীয় জোট গঠিত হয়েছে: জলিল
আগামী নির্বাচনে বিএনপি-জামাত জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ১৪ দলীয় জোট গঠন করা হয়েছে। প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সোমবার এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। এটি মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণ ফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, সাম্যবাদী দলের (মা-লে) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সহসভাপতি শরীফ নূরুল আম্বিয়া বক্তব্য রাখেন।
আব্দুল জলিল বলেন, ১৪ দলের প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
হাসানুল হক ইনু বলেন, পুলিশ বিভাগ ও নির্বাচন কমিশনে দলীয় নিয়োগের মাধ্যমে সরকার আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ের নীল নকশা তৈরি করছে।
তিনি আরও বলেন, সরকারের নীল নকশা বানচাল করতে না পারলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
রাশেদ খান মেনন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য হঠকারী কর্মকাণ্ডের জন্যে জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দলীয় পতাকা উত্তোলন, দলের শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
