বিদ্যুৎ সংকট নিরসনে দুর্নীতি বন্ধ, সিস্টেম লস হ্রাস ও সংস্কারের প্রস্তাব
দেশের বিদ্যুৎ খাতের বিরাজমান সংকট নিরসনে সংশ্লিষ্টরা দুর্নীতি বন্ধ, সিস্টেম লস হ্রাস, অনাকাঙ্খিত হস্তক্ষেপ বন্ধ, প্রয়োজনীয় সংস্কার এবং ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা আনার ওপর জোর দিয়েছেন।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বিদ্যুৎ খাতের বর্তমান সংকট : সমস্যার ধরণ এবং এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক এক সংলাপে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা এ বিষয়টির ওপর জোর দেন।
মহাখালির ব্র্যাক সেন্টার ইনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী এম সাইদুজ্জামান। মূল নিবন্ধ উপস্থাপন করেন পিডিবির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম।
আলোচনায় অংশ নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী নূরউদ্দিন খান, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সর্দার সাখাওয়াত হোসেন বকুল, জ্বালানি বিভাগের সচিব এএমএম নাসিরউদ্দিন, সাবেক সচিব তৌফিক এলাহী, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিনা ওয়ালিক, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, পিডিবির চেয়ারম্যান আনহ আকতার হোসেন, তিতাস গ্যাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার বখত, পিডিবির সাবেক চেয়ারম্যান নূরউদ্দিন মাহমুদ কামাল, পেট্রোবাংলার সাবেক পরিচালক ড. ইসমাইল হোসেন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি একে আজাদ, বুয়েটের শিক্ষক অধ্যাপিকা দিল আফরোজ এবং সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান প্রমুখ।
প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনার জন্য সমঝোতার দরকার। বিদ্যুতের চাহিদা, উৎপাদন ও বিতরণের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য দরকার। উৎপাদনের সাথে চাহিদা ও বিতরণের ভারসাম্য না থাকলে কোনো কিছুতেই লাভ হবে না। এ জন্য সংস্কার প্রয়োজন। সংস্কারকে একটি মিশন হিসেবে নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতি বছর বিদ্যুৎ খাতের জন্য ব্যয় হয় প্রায় চার হাজার কোটি টাকা, যা বাজেটের সরকারি বরাদ্দ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এ জন্য দাতা, বেসরকারি প্রতিষ্ঠান ও বিদেশী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। যৌথ অংশীদারিত্বের মাধ্যমে কাজ না করলে অদূর ভবিষ্যতে দুর্যোগের সৃষ্টি হতে পারে।
তিনি বলেন, বিদ্যুতের সিস্টেম লস ছিল ৩০ শতাংশ। সরকার সিস্টেম লস আট শতাংশ কমিয়ে বর্তমানে ২২ শতাংশে এনেছে। প্রতি শতাংশ সিস্টেম লসের জন্য সরকারের ক্ষতির পরিমান প্রায় ৫০ কোটি টাকা। বর্তমান সরকার প্রতি বছর বিদ্যুতের সিস্টেম লস থেকে ৪০০ কোটি টাকা বাঁচিয়েছে।
আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেন, আওয়ামী লীগ সরকার আমলে বিদ্যুত খাতের উন্নয়নে গৃহিত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বর্তমান সংকট হতো না। ওই সময় প্রায় ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান সরকার বাস্তবায়ন করেছে মাত্র ৮০০ মেগাওয়াটের কাজ। বাকি ঘাটতি পূরণ করার কোনো উদ্যোগ নেই।
তিনি বলেন, বিদ্যুতের সংকট একদিনের নয়। এ সমস্যার সমাধানে দরকার রাজনৈতিক সদিচ্ছা। আওয়ামী লীগ স্বতন্ত্র বেসরকারি প্লান্ট (আইপিপি) সিস্টেম চালু করার কারণে দেশের বিদ্যুতের সংকট এখনো সহনশীল মাত্রায় রয়েছে। তা না করলে বর্তমানে দেশে বিদ্যুতের চরম সংকট দেখা দিতো।
তিনি চার বছর ধরে কোনো বিদ্যুৎ প্লান্ট স্থাপন না করায় সরকারের সমালোচনা করে বলেন, চার বছর ধরে দরপত্র আহ্বান করা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদার সাথে বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। চুরি বন্ধ করতে হবে। দ্বৈত প্রশাসনের মাধ্যমে নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
