নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা এখন পুলিশ-শূন্য
নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা এখন পুলিশ-শূন্য। থানার সর্বশেষ দু’জন এসআইকেও সোমবার বহিষ্কার করা হয়েছে।
পুলিশের গুলিতে ২০ অক্টোবর পাঁচ জন নিহত হওয়ার জের ধরে গত ১১ দিনে এ থানার ওসিসহ মোট ২৮ জন পুলিশ সদস্যকে বহিষ্কার, ক্লোজড ও প্রত্যহার, এবং শাস্তিমূলক বদলি করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত এসআই জামালউদ্দিন বিডিনিউজকে বলেন, আমি নিজেও বদলির অর্ডার পেয়েছি। কিন্তু নতুন কোনও পুলিশ না আসায় যেতে পারছি না।
থানায় পুলিশ-শূন্যতার কারণে কোম্পানিগঞ্জের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ঈদের বাজারে ব্যবসায়ীসহ সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে।
বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি রেয়াজুল হক লিটন জানান, কয়েকজন বেসরকারি কমিউনিটি পুলিশ দিয়ে বাজার টহল দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে বাজারে কয়েকটি চুরির ঘটনাও ঘটছে।
জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন পুলিশের পোস্টিং দিতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে।
