২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা হামলার তদন্ত আলোচনায় সিআইডি’র শতাধিক কর্মকর্তাকে ঢাকায় তলব

১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার তদন্তে নিয়োজিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) শতাধিক কর্মকর্তাকে রোববার দিনব্যাপী ব্রিফিং সেশনে যোগদানের জন্যে রাজধানীতে তলব করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সূত্র জানায়, সিআইডি’র ঊর্দ্ধধতন কর্মকর্তারা তদন্তের অগ্রগতি এবং বিভিন্ন মামলার বিবরণী নিয়ে তাদেরসঙ্গে আলোচনা-পর্যালোচনা করেন।

এসময় ত্রুটির্পূণ চার্জশিট তৈরি ও চার্জশিট গঠনে দেরি করায় ঊর্দ্ধতন কর্মকর্তারা তদন্তকারী কর্মকর্তাদের পারফর্মেন্সে অসন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে কর্মকর্তাদের সতর্কভাবে এবং দ্রুততার সাথে চার্জশিট গঠন করতে বলা হয়।

সূত্র জানায়, শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনায় সিআইডি অফিসে অনুষ্ঠিত বৈঠকে সিআইডি’র ডিভিশনাল স্পেশাল সুপাররা (এসএস) তদন্তকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে সিলেট-চট্টগ্রাম বিভাগের এসএস এটিএম তরিকুল ইসলাম, রাজশাহী বিভাগের এএস মীর শহীদুল ইসলাম, ঢাকা বিভাগের এসএস ফজলুল করিম খান, ঢাকা মেট্টো বিভাগের এসএস রুহুল আমীন, খুলনা বিভাগের এসএস মোহাম্মদ মাসুদ মিয়া উপস্থিত ছিলেন।

সূত্র আরও জানায়, বিভাগীয় এসএসরা নিজ নিজ বিভাগের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবেও বৈঠক করেন।

সিআইডি সূত্র জানায়, ৬৩ জেলায় ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় চারশ’রও বেশি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১৫৮ টি মামলা সিআইডি কর্মকর্তারা তদন্ত করছেন। এগুলোর মধ্যে আবার ১৫৩ টি সরাসরি বোমা হামলার সঙ্গে সম্পর্কিত এবং বাকিগুলো অন্য ইস্যু নিয়ে দায়ের করা মামলা।

সূত্রমতে, ১৫৮ টি মামলায় ১’শরও বেশি সিআইডি কর্মকর্তা তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন এবং চার্জশিট দাখিলের পর কমপক্ষে ২৪ টি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।

তদন্তকারি কর্মকর্তাদের মধ্যে সিআইডি’র এসএস মুন্সি আতিকুর রহমান একাই ছয়টি মামলার তদন্ত করছেন। ইতোমধ্যে তিনি সবগুলো মামলার চার্জশিট জমা দিয়েছেন। মামলাগুলো এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে রয়েছে।

বিডিনিউজের সঙ্গে আলাপকালে মুন্সি আতিকুর রহমান বলেন, চার্জশিট গঠনের ক্ষেত্রে তদন্তকারি কর্মকর্তাদের আরও সতর্ক হতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠকে চার্জশিটের অগ্রগতি এবং চার্জশিট গঠনে আরও সতর্ক হতে বলা হয়েছে। এছাড়াও তাদের প্রসিডিউরের সুবিধা ও অসুবিধা নিয়েও পর্যালোচনা করা হয়।

বিডিনিউজের সঙ্গে আলাপকালে সিআইডি মেট্টো ডিভিশনের এসএস রুহুল আমীন বলেন, এটি ছিল নিয়মিত বৈঠকের মতোই। সিআইডি তদন্ত কর্মকর্তাদের সঙ্গে প্রায়ই বৈঠক করে।

এরআগে ২৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একমাসের মধ্যে ১৭ আগস্ট বোমা হামলার মামলা চার্জশীট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।

এছাড়াও মন্ত্রণালয় মামলা স্থান্তরের দুই মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে বলেন।