২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘনিয়ে আসছে ঈদ: নগরীর রাস্তাঘাট ও মার্কেটে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘনিয়ে আসায় ঢাকার রাস্তাঘাটগুলো এখন ব্যস্ত থেকে ব্যস্ততর হয়ে পড়েছে। সর্বত্রই ব্যাপক যানজট ও মানুষের ভিড় বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ অথবা ৫ নভেম্বর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হবে। তাই ঈদের কেনাকাটা সারতে লোকজন ভিড় জমাচ্ছে মার্কেট ও ব্যাংকগুলোতে।

নগরীর কাওরানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট বলেন, আজকের (রোববার) যানজট সামলাতে আমাদেরকে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। ব্যাপক সংখ্যক মানুষ আজ রাস্তায় বের হয়েছে। আগামীকাল (সোমবার) এ ভিড় আরো বাড়তে পারে বলে তিনি মন্তব্য করেন।

কেনাকাটার জন্যে পরিবারের সকলে মিলে মার্কেটগুলোতে হাজির হওয়ায় দেখা দেয় প্রচন্ড ভিড়। নিউমার্কেট, এ্যালিফেন্ট রোড, ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেট, কর্ণফূলী গার্ডেন সিটি ও অন্যান্য বড় মার্কেটগুলো সংলগ্ন রাস্তায় ছিল অসহ্য যানজট।

তবে এতে ব্যবসায়ীরা কমবেশি সকলেই খুশি। কেননা বিক্রি হচ্ছে ভালই। পণ্যের ব্যাপক বিক্রির আশায় ব্যবসায়ীরা সাধারণত মুসলমাদের ধর্মীয় উৎসব দু’টি ঈদ ও হিন্দু সম্প্রদায়ের পূজার দিকেই তাকিয়ে থাকে।

ইস্টার্ন প্লাজার এক ব্যবসায়ী রঞ্জন বলেন, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তকে টার্গেট করে পোশাক তোলায় আজ আমাদের বিক্রি ভালই হয়েছে।

ঈদের খরচের জন্যে লোকজন টাকা তুলতে নগরীর ব্যাংকগুলোতে ভিড় জমাচ্ছে। এতে ব্যাংকের কর্মকর্তাদের ওপর প্রচন্ড চাপ লক্ষ্য করা গেছে।

ব্যাংকের এক কর্মকর্তা রায়হান বলেন, এখন দু’দিন ছুটি থাকায় এ ভিড় হচ্ছে। তাছাড়া লোকজন ঈদের ছুটির আগেই তাদের কেনাকাটা সারতে চাচ্ছে।