২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিকল্প ধারা ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি সমাবেশ ডাকার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি

জয়পুরহাট শহরে একই স্থানে বিকল্প ধারা ও ছাত্রদল-যুবদলের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের প্রেক্ষিতে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রোববার মধ্যরাত পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

মুক্তমঞ্চে রোববার বিকাল তিনটায় বিকল্প ধারা ও শহর ছাত্রদল-যুবদল পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ আহ্বান করলে এ ব্যবস্থা নেয়া হয়।

সূত্র জানায়, শনিবার বিকল্প ধারার সমাবেশে একদল উচ্ছৃঙ্খল জনতা হামলা করলে বিকল্প ধারা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী, বিকল্প ধারা সংগঠক ও সাবেক বিএনপি এমপি গোলাম রব্বানীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় বিকল্প ধারা বিএনপিকে দায়ী করে কেন্দ্রীয় মসজিদ চত্বরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয়।

অন্যদিকে বিকল্প ধারার সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও বিএনপি সম্পর্কে উস্কানিমূলক বক্তৃতা দেয়ার প্রতিবাদে রোববার একই সময়ে একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ডাকা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণস্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।