২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি ক্লিনিকগুলো পুষ্টিকেন্দ্রে রূপান্তরিত হচ্ছে

দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের কমিউনিটি ক্লিনিকগুলো পুষ্টিকেন্দ্র হিসেবে চালু হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যেই জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সারা দেশে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেগুলো কার্যত এখন বন্ধ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য-২ শাখার সিনিয়র সহকারী সচিব শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি ক্লিনিকসহ সকল কমিউনিটি ক্লিনিককে ইপিআই কার্যক্রমের সাথে সমন্বয় করে জাতীয় পুষ্টি কার্যক্রমের পুষ্টিকেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।

সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জনকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে উল্লেখিত কার্যক্রম বাস্তবায়ন করার কথা বলা হয়েছে।

১৯৯৮ সালে সারা দেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতি ছয় হাজার জনগণের জন্যে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সে সময়ে ১৩ হাজার ৫শ’ কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ করা হয়। তবে এর মধ্যে কিছু কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ অসম্পন্ন থাকা অবস্থায় প্রকল্পটি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্ধ করে দেয়।