২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ও সন্ত্রাসীদের ব্যপারে কনসুলার সার্ভিস চালু করতে সম্মত বাংলাদেশ-ভারত

বাংলাদেশ ও ভারত দু’দেশের গ্রেপ্তারকৃত জঙ্গি ও সন্ত্রাসীদের ব্যপারে কনসুলার সার্ভিস চালু করতে সম্মত হয়েছে। এ সময় একই সাথে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষন করে পরষ্পরের মধ্যে তথ্য আদান প্রদান করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টি ঘোষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় পর্যায়ের দু’দিন ব্যাপী বৈঠক শেষে শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় মাদক চোরাচালান বন্ধ ও এ সংক্রান্ত তথ্য আদান প্রদানে দ্রুত একটি চুক্তির ওপরও জোর দেয়া হয়।

ভারতের স্বরাষ্ট্র সচিব ভি কে দুগাল এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ও ভারত একসাথে কাজ করতে রাজি হয়।

এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ভারত।

সূত্র জানিয়েছে, অপরাধী প্রত্যর্পণ এবং এ সংক্রান্ত যথাযথ আইনি কার্যক্রমের জন্য একটি চুক্তি স্বাক্ষরে ভারতের দেয়া প্রস্তাবে সম্মতি জানিয়েছে বাংলাদেশ।

দু’দেশের আন্তর্জাতিক সীমানার ১৫০ গজের মধ্যে বেড়া নির্মান ইস্যুতে ভারতের অবস্থান পরিষ্কার করে জানতে চেয়েছে বাংলাদেশ।

এছাড়া, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সাথে ভারতের জড়িত থাকা সংক্রান্ত মিডিয়া রিপোর্ট সম্পর্কে বাংলাদেশে জানিয়েছে, এটি সরকারের অবস্থানের প্রতিফলন নয়। এ ব্যাপারে যথাযথ তদন্ত চলছে বলে বাংলাদেশ জানিয়েছে।

দু’দেশের দুই সচিবই দু’দিনব্যাপী এ আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন এবং বলেছেন, বাংলাদেশ ও ভারতের একই ঐতিহ্য থাকায় তারা দু’দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবেন।