হাতকড়া নিয়ে শীর্ষ সন্ত্রাসীর পলায়ন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহিন হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালিয়ে গেছে।
সদর থানায় এসআই সিরাজ ও এএসআই মজিবুরের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার দক্ষিণ আজাইপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে এলাকার আর এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্যে অভিযানের সময় পুলিশের অসতর্কতার সে সুযোগে পালিয়ে যায়।
এনিয়ে তার পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়ার ঘটনা দ্বিতীয়বারের মত ঘটায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার মহিলা কমিশনার পারুল বেগমসহ স্থানীয় লোকজন জানান, তার সন্ত্রাসী কর্মকাণ্ডে অতীষ্ঠ এলাকাবাসী মাস দুয়েক আগে তাকে গণধোলাই দিয়ে সদর থানায় নিয়ে এসে পুলিশের হাতে সোপর্দ করে। এলাকাবাসী পুলিশের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালে পুলিশের কোনও পাহারা না থাকায় ওই দিনই সে হাসপাতাল থেকে পালিয়ে যায়।
শাহীন প্রায় ৭/৮ বছর থেকে তার দলবল নিয়ে এলাকায় ছিনতাই, নারী নির্যাতন, মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
তার বিরুদ্ধে এলাকাবাসী পুলিশের কাছে একাধিকবার গণদরখাস্ত দিয়েও কোনও প্রতিকার পায়নি। এলাকার বিশিষ্ট আইনজীবী আবুল কাশেম জানান, তার ছেলে শাহিনের হাতে ছিনতাইয়ের শিকার হয়। কিন্তু অভিযোগ করেও কোনও ফল পাননি তিনি। এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা সন্ধ্যার পর থেকেই বটতলাহাট-নতুনহাট, পোল্লাডাঙ্গা-নতুনহাট সড়কে চলাফেরা করতে ভয় পায়।
স্থানীয়রা অভিযোগ করেন, কিছু পুলিশ কর্মকর্তার সঙ্গে তার সম্পর্কের কারণে সে এলাকার একজন বড় সন্ত্রাসী হিসেবে গড়ে উঠেছে। সস্প্রতি কয়েকজন পৌর কমিশনারসহ এলাকার লোকজন শাহীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানালে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর হয়।
