২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল ক্যাডারদের হাতে বিডিনিউজ’র ড্রাইভার প্রহৃত

বিডিনিউজ-এর সিএনজিচালিত অটোরিকশার এক ড্রাইভারকে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কর্মীরা প্রহার করে গুরুতর আহত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 03:57 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আহত অটোরিক্শা চালক তাজুল ইসলাম জানান, তিনি সাংবাদিকদের পৌঁছে দেওয়ার জন্যে কারওয়ান বাজারে বিডিনিউজ কার্যালয়ের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। এসময় তিনজন যুবক জোর করে তাকে রামপুরা বনশ্রী আবাসিক প্রকল্প এলাকায় নিয়ে যেতে চায়।

ড্রাইভার তাদের বলেন, এ গাড়ি ভাড়া যাবে না, সাংবাদিকদের নিয়ে যাবে। তিনি তাদের অটোরিক্শার সামনে ঝোলানো সংবাদপত্র লেখা ব্যানার দেখালে তারা চলে যায়। একটু পরে ওই তিন যুবক প্রায় ১৫ জন লোক নিয়ে আবার ফিরে আসে এবং তাকে বেধড়ক মারধর করে। এতে তার বাম হাত ভেঙে যায়।

সন্ত্রাসীরা এসময় তার কাছ থেকে গাড়ির চাবি, কাপড়চোপড় এবং টাকা পয়সাও ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীদের একজন নিজেকে কারওয়ান বাজার মাছ বাজার শাখা যুবদল সভাপতি এবং অন্যদের তার ক্যাডার হিসেবে পরিচয় দেয়।

ঘটনার পরপরই বিডিনিউজ-এর সাংবাদিকরা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।