বগুড়ার নদী ভাঙ্গনের শিকার মানুষের মানবেতর জীবন
বগুড়ায় নদী ভাঙ্গনের শিকার লোকজনের একজন হচ্ছেন আজগর মিয়া (৩৮)। বেড়িবাঁধ সংলগ্ন গোসাইবাড়ি গ্রামে আশ্রয় নিয়েছেন তিনি।
আজগর মিয়া যমুনা নদীর ভাঙ্গনে সহায় সম্বল হারিয়েছেন। নদী ভাঙ্গনে তিনবার ঘরবাড়ি হারিয়ে গোসাইবাড়ি গ্রামে চতুর্থ বারের মত আশ্রয় নেন তিনি। আওলাকান্দি গ্রামে তার বসতভিটা ছিল।
এক সময় তার তিন একর জমি এবং অনেক গবাদি পশু ছিল। কিন্তু বর্তমানে তাকে ৬০-৮০ টাকা রোজগার করে আট সদস্যের পরিবারের খাদ্যের সংস্থান করতে হয়।
বগুড়ার ধুনট এবং সারিয়াকান্দি গ্রামে এ দৃশ্যগুলো খুবই পরিচিত।
এক সময়ের অবস্থাপন্ন কৃষক জোনাব আলী (৬৫) জানান, এনজিও তাকে ঘর তৈরি করার জন্য টিন দিয়েছে এবং সরকার কিছু ত্রাণ সামগ্রী দিয়েছে।
আওলাকান্দি চর, মাঝিরা চর এবং বোহালিয়ার হাজার হাজার লোক নদী ভাঙ্গনে সব হারিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।
এখানকার লোকজন স্বাস্থ্য সম্মত শৌচাগার এবং বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
যদিও এখানে মঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়নি, তবে কাজের অভাবে মানুষ জীবিকা অর্জন করতে পারছে না।
তিন সন্তানের জননী বিধবা জোবেদা বেগম (৪৫) তার দুঃখ দুর্দশার কথা বর্ণনা করে বলেন, জীবিকা নির্বাহের কারণে এখানকার অনেক লোক রিক্সা চালানোসহ হকারি করার জন্য শহরের দিকে চলে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, কর্তৃপক্ষ সবকিছু জানার পরও এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না এবং এখানকার রাজনীতি ভোট কেন্দ্রীক।
