ভোটার তালিকায় ৫১টি ছিটমহলের বাসিন্দাদের অন্তর্ভুক্ত হওয়া নিয়ে সংশয়
উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিট মহলের লক্ষাধিক বাংলাদেশী নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
১৯৯০, ৯৫ ও ২০০০ সালের ভোটার তালিকায় ছিটমহলবাসীর নাম অন্তর্ভূক্ত না হওয়ায় এ সংশয় আরও বৃদ্ধি পেয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার মধ্যে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি ও লালমনিরহাট জেলার ৩৩টি ছিটমহল রয়েছে। এ ছিটমহলগুলোর সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনও যোগাযোগ নেই। ফলে ছিটমহলবাসী বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও ভোটাধিকার থেকে বঞ্চিত।
বাংলাদেশের নাগরিক হলেও আদমশুমারীর সময় তাদের বাদ রাখা হয়।
১৯৯০ সালে ভোটার তালিকা প্রণয়নের সময় ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় এই আটটি ছিটমহলসহ বাকি ছিটমহলগুলোতে কোন তালিকা তৈরি সম্ভব হয়নি।
তবে আটটি ছিটমহলের কিছু অধিবাসী বিএসএফ’র দৃষ্টি এড়িয়ে মূল ভূখণ্ডে এসে স্বেচ্ছায় ভোটার তালিকাভূক্ত হলে ভোটার সংখ্যা বেড়ে মোট চার হাজারে দাঁড়ায়।
এরপর ১৯৯৫ ও ২০০০ সালে তালিকা তৈরি সম্ভব হয়নি।
ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১৮ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিত এক চিঠিতে ছিটমহলে ভোটার তালিকা প্রণয়নের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
জেলা প্রশাসক আজিজার রহমান মোল্ল্যা বিডিনিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিপত্র লেখালেখি শুরু হয়েছে।
তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভারতীয় পক্ষ এ ব্যাপারে কোন সাড়া দিচ্ছে না। ফলে ছিটমহলবাসীর নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্তি নিয়ে সংশয় রয়েই গেছে।
