১৭ আগস্ট বোমা হামলায় যেসব মামলার চার্জশিট হয়েছে, সেগুলো দ্রুতবিচার আদালতে স্থানান্তরের নির্দেশ
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলায় যেসব মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে, সেসব মামলা আগামী এক মাসের মধ্যে দ্রুতবিচার আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মামলা স্থানান্তরের পরবর্তী দুই মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত রমজান ও ঈদে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
‘১৭ আগস্ট বোমা হামলায় ইতোমধ্যে ১৬টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে। এছাড়া জঙ্গিদের ধরতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে,’ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য দেন।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, ১৭ আগস্ট বোমা হামলার দ্রুত নিষ্পত্তির জন্যে প্রতিমন্ত্রী আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশ দিয়েছেন।
সূত্র আরও জানায়, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের দ্বারা যাত্রী হয়রানির অভিযোগের বিষয়টিও সভায় উত্থাপিত হয়।
প্রতিমন্ত্রী এসব সমস্যা সমাধানে পুলিশের বিশেষ সংস্থা (এসবি)কে নিদের্শ দিয়েছেন। বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ টানাটানি বন্ধের জন্যে ডিএমপি’র উত্তর জোনের উপপরিচালক, গোয়েন্দা সংস্থা এবং র্যাবকেও নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
সভায় সাম্প্রতিক সময়ে সাভার ও কাঁচপুরে গার্মেন্টসে শ্রমিকদের হামলার নেপথ্যের ঘটনা খতিয়ে দেখতে গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়। এছাড়া গার্মেন্টস জোনে চাঁদাবাজি, নাশকতা এবং সহিংসতা রোধে টহল জোরদার করতে বলা হয়েছে।
সূত্র আরও জানায়, সাংবাদিক হত্যা মামলাগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া মিরপুরের ব্যবসায়ী হাজী শহীদুল্লাহ হত্যা মামলার চার্জশিট আগামী সাত দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
সভায় দেশব্যাপী জাল টাকার ছড়াছড়ি, মাদক ব্যবসা, নগরময় যানজট, ছিনতাই-চাঁদাবাজি, লঞ্চ, বাস ও ট্রেনের টিকিট কালোবাজারি এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
সূত্র জানায়, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধে সদরঘাটে মোবাইল টিম, র্যাব এবং ডিবি পুলিশ মোতায়েন করা হবে। কোন লঞ্চকেই অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। ইতোমধ্যে বাস টার্মিনাল এবং সদরঘাট নৌ বন্দরে এসব প্রতিরোধে মোবাইল কোর্ট কাজ করছে। এছাড়া গাড়ি চুরি এবং নৈশকোচে ডাকাতি রোধে সিআইডি, র্যাব ও ডিবিকে ‘এক্সক্লুসিভ’ দায়িত্ব দেওয়া হয়েছে।
সভা সূত্র জানায়, বাংলাদেশ থেকে বিদেশে সার পাচার প্রতিরোধে ১৩টি নদীপথ ‘সিল’ করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক আবদুল কাইয়ুম, বিডিআর, কোস্টগার্ড এবং র্যাব এর মহাপরিচালকগণ, কারামহাপরিদর্শক, ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার, র্যাবের কমান্ডিং অফিসারগণ এবং ডিএমপি’র চারটি জোনের উপপরিচালকগণ।
