২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অনাহারে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় মিলেছে, ইউএনও’র বক্তৃব্য, ‘ত্রান দেয়ার মানুষ খুজে পাওয়া যাচ্ছে না’

নীলফামারীর সংগলসীতে রাস্তার ওপর পড়ে মরে থাকা অনাহারি বৃদ্ধর পরিচয় মিলেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ঘটনাস্থল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরের গ্রাম সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের আটানি ঘোনপাড়ার মৃত আমাসু মাহমুদের পুত্র সত্তুরোর্ধ ইসাহাক আলী বুধবার দুপুর আড়াইটায় রাস্তার ওপর পড়ে মারা যান। বিকেলে খবর পেয়ে ইসাহাক আলীর ছেলে এজাজুল ঘটনাস্থলে এসে সেখানে উপস্থিত পুলিশের কাছ থেকে লাশ নিয়ে যায়।

এদিকে ঘটনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান অশ্বিনী বিশ্বাস ‘না খেতে পেয়ে ঐ বৃদ্ধ মারা গেছে’ বলে জেলা প্রশাসকের কাছে ফোনে জানিয়ে বিপাকে পড়েছেন। বৃহষ্পতিবার চেয়ারম্যান অশ্বিণী কুমার বলেছেন, ‘ডিসি স্যার আমার ওপর মাইন্ড করেছেন।’

এই খবর পত্রিকায় প্রকাশের পর প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে চলছে বিভিন্ন তৎপরতা। ইসাহাক আলীর ছেলে এজাজুলকে পুলিশ ধমকিয়ে তাদের শিখিয়ে দেয়া কথা বলতে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট দারোগা আজগার আলী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আসল কথা বের করতে বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসা করেছি। চিকিৎসকের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট দারোগা বলেছেন, দীর্ঘ দিন ধরে তার হার্টের রোগ ছিলো, না খেয়ে সে মরেনি।

জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী অবশ্য ইসাহাক আলীর মৃত্যুর ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে মৃত্যুর পর তার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩শ’ টাকা দেয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে হঠাৎ করেই নীলফামারীর সদর উপজেলার মঙ্গাপীড়িত এলাকাগুলোতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও ইউএনও একেএম মাসুদুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘মঙ্গা নেই’। আমার কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কিন্তু ত্রাণ দেয়ার লোক পাওয়া যাচ্ছে না। মজুদ ত্রাণের পরিমান জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘৬ টন’।

এদিকে অবিলম্বে নীলফামারী জেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে জেলা জাসদ বৃহস্পতিবার শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।