নড়াইলে বোমা হামলা, ২ জন নিহত
নড়াইল জেলার দূর্গম আকদিয়ারচর এলাকায় বুধবার সন্ধ্যায় এক বোমা হামলায় জাতীয় পার্টির (এরশাদ) অন্তত: দুজন কর্মী নিহত হয়েছে।
নিহতরা হচ্ছেন, নজরুল ইসলাম (৫০) ও স্বপন বৈরাগী। তাদের দুজনের গ্রামের বাড়ী নড়াইল সদর উপজেলার কলোরা ইউনিয়নে।
স্থানীয় সূত্র জানায়, বোমা হামলায় জোড়া খুনের ঘটনার পর এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আকদিয়ারচর ক্লাবের সামনে কয়েকজন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে বোমা হামলা চালায়।
নিহত নজরুলের ভাই তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে তার ভাইকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডে ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে বলে তাদের ধারণা।
তরিকুল জানান, তার ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে সন্ত্রাসীরা গুলিও চালায়।
সূত্র জানায়, ঘটনার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা লাশ নিয়ে মিছিল বের করার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা লাশ দুটি উদ্ধার করে জেলা পুলিশ সদর দপ্তরে নিয়ে যায়।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মকবুল হোসেন ওই বোমা হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুরো ঘটনা জানতে আরো সময় লাগবে।
