২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলসির বাইরেও ভারতীয় ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা দিতে হওয়ায় পেঁয়াজের দর বাড়ছে

এলসি খোলার বাইরেও ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীদের অতিরিক্ত টাকা দিতে হয় বলে বাংলাদেশে পেঁয়াজের দাম এখন আকাশছোঁয়া।

নিজস্ব প্রতিবেদক

গনি আদম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এছাড়াও গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পরিবহণ ব্যয় অনেক বেড়ে যাওয়া এবং মজুতদারির কারণেও দেশে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে।

বগুড়ার পাইকারি বাজারের কয়েকজন আমদানিকারক বিডিনিউজকে জানান, মূলত ভারতীয় বাজারে পেঁয়াজের অপ্রতুলতা, স্বল্প সরবরাহ এবং এলসি খোলার পরেও ভারতীয় ব্যবসায়ীদের অর্থ দিতে হয় বলে দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে।

আমদানিকারকদের একজন জানান, ভারতীয় সরকারের নির্দেশে প্রতি টন পেঁয়াজ আমদানির জন্যে ২২৫ মার্কিন ডলারের এলসি খুলতে হচ্ছে। কিন্তু ভারতের বাজার থেকে এই দরে পেঁয়াজ কেনা অসম্ভব। ভারতীয় সরকারের দর অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য ধরা হয়েছে ১৭ দশমকি ৭৫ পয়সা। কিন্তু ভারতীয় সরবরাহকারিদের কাছ থেকে কেনার সময় আমাদের প্রতিকেজি পেঁয়াজের জন্যে দিতে হচ্ছে ২৫ টাকা।

ওই আমদানিকারক প্রশ্ন করেন, এলসিতে উল্লেখিত টাকার ছাড়াও একজন বিদেশি সরবরাহকারিকে টাকা দিতে হবে, এটা কিভাবে সম্ভব?

বগুড়াতে প্রায় ২৫ জন নিয়মিত পেঁয়াজ আমদানিকারক রয়েছেন। তবে হঠাৎ এই মুল্য বৃদ্ধিতে অনেক খন্ডকালীন ব্যবসায়ী পেঁয়াজ আমদানিতে উৎসাহী হয়ে উঠেছে।

ওই আমদানিকারক আরও বলেন, হুন্ডি এখন ওপেন সিক্রেট। প্রশাসনের সবাই এ ব্যাপারে অবহিত আছে। কিন্তু বাজার স্থিতিশীল রাখতে আমাদের আমদানি করতেই হবে বিধায় কিছু করার নেই।

বগুড়া ভান্ডারের ম্যানেজার বলেন, কিছু চ্যানেলের মাধ্যমে পেঁয়াজ ভোক্তাদের কাছে পৌঁছে।

আমদানিকারক ও সংশ্লিষ্টরা ধারনা করছেন ঈদের আগে আরও একদফা পেঁয়াজের দাম বাড়তে পারে।

অপর এক আমদানিকারক বলেন, হিলি, সোনা মসজিদ ও বুড়িমারির মতো স্থলবন্দরগুলোতে আকস্মাৎ জট লাগলে পেঁয়াজের দাম আকাশ ছোঁবে।