২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য পদে লোক নিয়োগ আবারও বন্ধ

সরকার শূন্য পদে আবারও লোক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে চলতি বছর সরকারি আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়াধীন প্রায় ৬০ হাজার শূন্য পদ পূরণে আবারও জটিলতা শুরু হলো বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সংস্থাপন সচিব এএসএম আব্দুল হালিম স্বাক্ষরিত পরিপত্রে বুধবার জানানো হয়, ৬ষ্ঠ জাতীয় বেতন কমিশন, ২০০৪-এর সুপারিশ পর্যলোচনায় গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ক্যাডার সার্ভিস ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্যে চুক্তিভিত্তিতে নিয়োগযোগ্য জনবলব্যতীত সকল শূন্য পদে নিয়োগ আপাতত বন্ধ রাখা হল।

পরিপত্র জারির খবর শোনার পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সচিব পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, নিয়োগ বন্ধের এ হঠকারি সিদ্ধান্তের ফলে জনগণের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে আইনি জটিলতায় অধিকাংশ সরকারি অফিসে নিয়োগ বন্ধ থাকে।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং ইতোমধ্যে প্রায় লক্ষাধিক শূন্য পদ পুরণ করা হয়।

সূত্র আরও জানায়, ২০০৪ সালে জেলা প্রশাসক অফিসে লোক নিয়োগ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নিয়োগ বন্ধ করা হয়। নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের আন্দোলনের ফলে এক বছরের মাথায় ওই নিয়োগ কার্যক্রম শুরু করা হয।

সরকারি বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, আগামী মাসে পুলিশের প্রায় ৬০০ সাব-ইন্সপেক্টর নিয়োগ দেওয়ার বিষয় চূড়ান্ত করার কথা। এছাড়া দীর্ঘ কয়েক বছর পর কানুনগো পদে নিয়োগের বিষয়টি এমাসেই চূড়ান্ত হওয়ার কথা ছিল।

শূন্য পদগুলোতে যে ৬০ হাজার লোক নিয়োগ করার কথা, তার মধ্যে রয়েছে, আগামী মাসের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে ১০০ জন গাড়ি চালক, ৩০ জন এমএল এসএস, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন পদে ২৩০ জন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১,১০০ ডাক্তার। এছাড়া রয়েছে ২০০৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং অধিকাংশ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিভাগে বিভিন্নসংখ্যক কর্মী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে শেরপুর থেকে আসা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরিপ্রাথী মো. কবির নিয়োগ বন্ধের খবর শোনার পর বিডিনিউজকে তার প্রতিক্রিয়ায় বলেন, ওই পদে নিয়োগের জন্যে অনেক খাঠখড় পোড়ানো হয়েছে। নিয়োগ না পেলে এখন কী হবে?