সাংবাদিক বালু হত্যা মামলা: দাদা তপনসহ ৮ আসামীর বিচার শুরু
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) শীর্ষ নেতা আব্দুর রশীদ মালিথা ওরফে দাদা তপনসহ আট আসামীর বিচার কাজ বুধবার শুরু হয়েছে। মামলার স্বাক্ষ্য গ্রহণ শুরু হবে ২ নভেম্বর।
সূত্র জানায়, সকালে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় আট আসামীর বিরুদ্ধে সাংবাদিক বালু হত্যা মামলার চার্জ গঠন করা হয়। খুলনা দ্রুত বিচার ট্রাইবুনাল বিচারক মোহাম্মদ আব্দুস সামাদ চার্জ গঠন করেন। মামলার আসামীরা হলো-জনযুদ্ধের শীর্ষ নেতা আব্দুর রশীদ মালিথা ওরফে দাদা তপন, রিপন আহমেদ ওরফে শোয়েব ওরফে সাইফুজ্জামান, সুমন ওরফে শরীফুজ্জামান, মাসুম ওরফে জাহাঙ্গীর, এম জাহিদুর রহমান ওরফে জাহিদ, নজরুল ইসলাম নজু ওরফে খোড়া নজু, শেখ সাদিকুর রহমান ওরফে রিমন এবং স্বাধীন ওরফে ইকবাল।
আসামীদের মধ্যে জাহাঙ্গীর, রিমন এবং স্বাধীন জেলহাজতে রয়েছে। জামিনে রয়েছে জাহিদ এবং নজরুল ওরফে খোড়া নজু। এদের মধ্যে আসামী শোয়েব ক্রস ফায়ারে নিহত হয়। বাকি আসামীরা পলাতক রয়েছে।
চার্জ গঠনের সময় আসামী মাসুম এবং রিমনের পক্ষের আইনজীবিরা জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। এছাড়া জাহিদ ও খোড়া নজুর আইনজীবিরা মামলা থেকে অব্যহতির আবেদন জানালে আদালত সেটিও নাকচ করেন। মামলার মোট স্বাক্ষী সংখ্যা ২৭।
