২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণের দোকানের টাকা ছিনতাই মামলায় তিন ছাত্রদল নেতার বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড

রাজধানীর ঊমা জুয়েলার্সের ১২ লাখ টাকা ছিনতাই মামলার আসামী ঢাকা কলেজের তিন ছাত্রদল নেতার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বুধবার ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক মীর আলী রেজা এ রায় দেন।

রায়ে ছাত্রদল ঢাকা কলেজ শাখার তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের সশ্রম কারাদন্ড, অপর দু’জন গোলাম ওয়াহাব লিটন ও মোহাম্মদ আজিজুল হককে চার বছর সশ্রম কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে আসামী রুহুল আমিন এখনও পলাতক রয়েছে। অপর দুই আসামীকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়।

গত ১৯ জুন বিকালে বায়তুল মোকাররম ঊমা জুয়েলার্সের এক কর্মচারী প্রতিষ্ঠানের ১২ লাখ টাকা নিয়ে জনতা ব্যাংক পুরানা পল্টন শাখায় জমা দিতে যাওয়ার পথে দন্ডপ্রাপ্ত তিন ছাত্রদল নেতা অস্ত্রের মুখে ওই কর্মচারীকে গাড়ীতে তুলে নেয়। কর্মচারীর চিৎকারে কাকরাইল নাইটিংগেল মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও পথচারীরা গাড়িটি আটক করে ছিনতাইকারী লিটন ও আজিজুলকে হাতেনাতে ধরে ফেললেও অপর আসামী রুহুল আমিন পালিয়ে যেতে সক্ষম হয়।

ওই রাতেই পুলিশ ঢাকা কলেজ ছাত্রবাসে রুহুল আমিনের কক্ষে তল্লাশী চালিয়ে ছিনতাইকৃত ১০ লাখ চার হাজার ৯০০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় ঊমা জুয়েলার্সের কর্মচারী আবুল কাশেম বাবুল বাদী হয়ে আসামীদের নামে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেছিল।