২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৫ বছরেও অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়নি

দীর্ঘ পাঁচ বছরেও জেলার মগড়া ও ধলেশ্বরী নদীর ওপর অবৈধ স্থাপনা উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি এবং বিভিন্ন মার্কেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সরেজমিনে দেখা যায়, ওই দুই নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক ঘর-বাড়ি। বিশেষ করে মোক্তারপাড়া, ছোট বাজার, নাগড়া এবং মালনী রোড এলাকায় অনেকেই বাঁশের ফাইলিং দিয়ে মাটি ভরাট করে নদীর গতিপথকে রূদ্ধ করেছে।

ছোট বাজার এলাকায় নদীর ওপর পাকা পিলার দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন মার্কেট। দখল হয়ে গেছে শান বাঁধানো আটটি পাকা ঘাট।

মালনী রোড লঞ্চঘাট এলাকায় নদীর ওপর গড়ে উঠেছে গুদাম ঘর।

নাগড়া এলাকায় প্রায় দুই কিলোমিটার নদীর তীর বাশেঁর ফাইলিং দিয়ে মাটি ভরাট করে গড়ে তোলা হচ্ছে নতুন নতুন বসতবাড়ি।

অন্যদিকে ধলেশ্বরী নদীর পূর্ব মইনপুর, পূর্ব চকপাড়ায় অধিকাংশ নদীর তীর অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে অসংখ্য ঘর-বাড়ি ও বস্তি।

রাজুর বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র মাটি ভরাট করে নদীর গতিপথকে বন্ধ করে দিয়েছে।

এছাড়া অপরিকল্পিতভাবে নদীর দুটির ওপর নির্মিত হয়েছে ব্রীজ, কালভার্ট। পুনঃখননের অভাবে এবং পলি মাটি পড়ে নদী দুটি হারিয়েছে নাব্যতা।

খোঁজ নিয়ে জানা যায়, এসব কারণে পরিবেশের ওপর নানা নেতিবাচক প্রভাব পড়ছে, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র।

২০০১ সালে জেলা প্রশাসক নদী দখলকারী ৪৭ জনের বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ প্রদান করলেও রহস্যজক কারণে কর্তৃপক্ষ আজো নদীর ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায়, আইনগত জটিলতার কারণেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।